বেন্তো-পেপের আশায় বসতি
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল দলেই খেলেন তো?
ঘানা ম্যাচের আগে পর্তুগাল দলের সংবাদ সম্মেলনে থাকলে আপনার মনেও প্রশ্নটা জাগত। কাল সকালে মানে গারিঞ্চা স্টেডিয়ামে কোচ পাওলো বেন্তো ও ডিফেন্ডার পেপের প্রশ্নোত্তর পর্ব আধঘণ্টারও বেশি স্থায়ী হলো। কী আশ্চর্য, রোনালদোকে নিয়ে একটাও প্রশ্ন হলো না!
পর্তুগাল ‘অ্যাভারেজ টিম’, তিনি নিজে কখনো বিশ্বকাপ জয়ের কথা ভাবেনইনি—রোনালদোর এসব বিস্ফোরক মন্তব্যে কোচের প্রতিক্রিয়াটা কে না জানতে চাইবে! অথচ পর্তুগিজ সাংবাদিকেরা প্রসঙ্গটা তুললেনই না! লিসবনের পাবলিকো পত্রিকার তরুণ সাংবাদিক টিয়াগো পিমেন্টেল সংবাদ সম্মেলন থেকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, ‘ক্রিস্টিয়ানো যে হতাশা থেকে অমন বলেছে, এটা সবাই বুঝতে পেরেছে। ওর কথাকে তাই সবাই সহানুভূতির সঙ্গেই দেখছে।’
পর্তুগিজ সাংবাদিকদের সঙ্গে কথা বলে বরং মনে হলো, তাঁরা জাতীয় দলের প্রতি রোনালদোর নিবেদন দেখে আপ্লুত। তাঁদের ধারণা, দীর্ঘ ক্লাব মৌসুমের শেষ দিকে টুকটাক চোট নিয়েই খেলার পর রোনালদোর আসলে এই বিশ্বকাপে খেলার মতোই অবস্থা ছিল না। শুধু মনের জোরে খেলতে এসেছেন।
পাওলো বেন্তোর সঙ্গে পর্তুগিজ প্রেসের সম্পর্কটা যে আদায়-কাঁচকলায় গিয়ে ঠেকেছে, সংবাদ সম্মেলনেই সেটি খুব ভালো বোঝা গেল। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলে পদত্যাগ করবেন কি না—এই প্রশ্নে বেন্তো ভীষণ রেগে গেলেন। পরপর দুই সাংবাদিক প্রশ্নটা করলেন। প্রথমজনের সঙ্গে বেন্তোর তীব্র বাদানুবাদ হলো। দ্বিতীয়জনকেও বেন্তো একহাত নিলেন। পরিষ্কার জানিয়ে দিলেন, পদত্যাগ করার কোনো ইচ্ছাই তাঁর নেই।
পর্তুগিজ সংবাদমাধ্যমের ওপর পেপেরও খুব রাগ। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগাল খুব নার্ভাস ছিল বলায় চোখমুখ লাল করে বললেন, ‘আমরা মোটেই নার্ভাস ছিলাম না। প্রেস যা মনে হয় তা-ই লিখছে। পর্তুগাল যেন কোনো দলই না, আমাদের ভালো কোনো খেলোয়াড়ই নেই। জার্মানির বিপক্ষে ম্যাচে আমাদের একটা লাল কার্ড হয়েছে, অথচ জার্মানির দুজনের লাল কার্ড পাওয়া উচিত ছিল। পেনাল্টিটাও তো হয় না।’
পর্তুগালের লাল কার্ডটা পেপেই দেখেছেন। যেটির জের ধরেই পর্তুগাল আজ খাদের কিনারায় দাঁড়িয়ে। এ নিয়ে অনুতাপ আছে কি না প্রশ্নের উত্তরটা অবশ্য ঘুরিয়ে দিলেন পেপে, ‘আমি যখনই পর্তুগালের হয়ে মাঠে নামি, নিজেকে উজাড় করে দিই।’ কোচ যদি দলে রাখেন, উজাড় করে দিতে চান আজও। দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব বলেও বিশ্বাস তাঁর, ‘আমি মনে করি, এটা সম্ভব। কঠিন জানি, কিন্তু আমরা লড়াই করব।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রয়ের পর বেন্তোর কথাবার্তায় আশা ছেড়ে দেওয়ার আভাস ছিল, কাল তাঁর কণ্ঠেও আশার সুর, ‘কঠিন, কিন্তু সম্ভব।’ পরিস্থিতির সঙ্গে বাছাইপর্বের মিল খুঁজে পাওয়াটাও তাঁকে সাহস দিচ্ছে। প্রথম পাঁচ ম্যাচের একটিতে পরাজয় আর দুটিতে ড্রয়ে কোণঠাসা পর্তুগাল আজারবাইজানে গিয়ে জয় পেয়ে আবার ফিরেছিল বিশ্বকাপ অভিযাত্রায়। সুইডেনের বিপক্ষে প্লে-অফের কথাও মনে হচ্ছে বেন্তোর।
কিন্তু এখানে তো পরিস্থিতি আরও জটিল। নিজেদের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে নেই। জার্মানি আর যুক্তরাষ্ট্র যদি ‘চলো, ড্র করে আমরা দুদলই উঠে যাই’ ঠিক করে ফেলে, তাহলে এই ম্যাচটা অর্থহীন হয়ে যাবে। এমন কিছু হওয়ার কি আশঙ্কা করছেন—সরাসরিই প্রশ্ন করা হলো পেপে ও বেন্তোকে। পেপে উত্তর দিলেন, ‘আমরা পেশাদার। এভাবে ভাবাই উচিত না। এ রকম কিছু হবে বলে ভাবছিও না।’ বেন্তো নিজের জীবন ও ফুটবল-দর্শনের কথা বলে বাড়তি একটা দায় চাপিয়ে দিতে চাইলেন ওই দুদলের ওপর, ‘ফুটবলে সম্মান, মর্যাদাটা খুব বড় ব্যাপার। আমি আমার ৪৫ বছরের জীবনে এবং ফুটবলের সঙ্গে কাটানো ২৫ বছরে অন্যকে সম্মান করে এসেছি, আশা করি অন্যরাও তা করবে।’
অন্য ম্যাচটির কথা না ভেবে পর্তুগাল তাই আজ নিজেদের কাজটা করে রাখতে চায়। ঘানাকে হারানোর সেই কাজটা যে সহজ হবে না, সেটি বললেন বেন্তো ও পেপে দুজনই। ঘানাকে নিয়ে অনেক সমীহ, তবে আশার দিকও দেখছেন, ঘানারও তো জেতার চেষ্টা না করে উপায় নেই।
ঘানার খেলোয়াড়েরা অবশ্য এই ম্যাচের আগে পর্তুগালকে রীতিমতো হুমকি দিয়েছেন। তাঁদের হুমকি অবশ্য শুধু প্রতিপক্ষেই সীমাবদ্ধ থাকেনি। যে ম্যাচ নিয়ে এত কথাবার্তা, সেটি বয়কট করার হুমকিও দিয়েছিলেন ঘানার খেলোয়াড়েরা।
বিশ্বকাপে এই জাতীয় হুমকি দাবি আদায়ের কৌশল ছাড়া আর কিছু নয়। আজ পর্যন্ত কোনো দল কি শেষ পর্যন্ত মাঠে না নেমে পেরেছে? দাবিটাও নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন। টাকাপয়সা। বিশ্বকাপে এসে প্রতিশ্রুত অর্থের কিছুই পাননি খেলোয়াড়েরা। গত পরশু তাই ফোর্তালেজা থেকে ব্রাসিলিয়া আসতে বেঁকে বসেন তাঁরা। পরিস্থিতি সামলাতে স্বয়ং দেশের প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। বিশ্বকাপে অ্যাপিয়ারেন্স ফি বাবদ ঘানার খেলোয়াড়দের দাবি জনপ্রতি এক লাখ ডলার, সেটি আবার নগদ দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ঘানার এক সাংবাদিক বললেন, তিনি শুনেছেন খেলোয়াড়দের প্রাপ্য এই লাখ লাখ ডলার নিয়ে একটি চার্টার্ড বিমান নাকি রওনা হয়েছে ঘানা থেকে।
কী সব ভুতুড়ে কাণ্ডকারখানা!