বেন্তোকে পূর্বসূরির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো ২০০৪ পর্তুগালের জন্য অনন্ত এক আক্ষেপ। দেশের মাটিতে ফাইনালে উঠে প্রথমবারের মতো বড় কোনো শিরোপাস্বপ্নে ছিল বিভোর। কিন্তু আন্ডারডগ গ্রিস তাদের স্বপ্নটাকে কেড়ে নিয়ে গেল ফাইনাল থেকে। লুইস ফিগো, নুনো গোমেজদের মতো অভিজ্ঞদের পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তরুণদের নিয়ে গড়া পর্তুগাল দলের কোচ ছিলেন লুই ফেলিপে স্কলারি। বিশ্বদরবারে সমীহ জাগানো দল হিসেবে পর্তুগালের আবার উত্থান তাঁর হাতেই। ২০০৪ ইউরো হাতছাড়া হয়ে যায় অল্পের জন্য। তবে এবার ইউরোয় পর্তুগালের সাফল্য দেখছেন স্কলারি। কোচ পাওলো বেন্তোকে এবারের ইউরোতে শুভকামনাই জানিয়েছেন, ‘আমি অবশ্যই ওদের সমর্থন জানাব।’ এই দলের স্বপ্নসারথি ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরও তাঁর অগাধ আস্থা, ‘সে মানুষ হিসেবে দারুণ, বন্ধু হিসেবেও। মজা করতে সে ভালোবাসে, তবে সে একজন দারুণ পেশাদারও বটে।’ মেসির সঙ্গে রোনালদোর তুলনাটা এখন বিশ্ব ফুটবলের খুব জনপ্রিয় বিষয়। এই তুলনায় তিনি যাননি। তবে সাবেক শিষ্যের জন্য কিছুটা সহানুভূতিই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘রোনালদোর জীবনে কাঁটা বোধ হয় মেসি। মেসি না থাকলে তো সে টানা পাঁচ বছরেই বিশ্বের সেরা খেলোয়াড় হয়।’ এএফপি।