বেন্তোর পর্তুগালে তারুণ্যের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগিজদের সব আশা-ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে৷ রিয়াল মাদ্রিদ তারকার পর্তুগালের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না৷ তবে এমন একজনের স্বপ্ন ভেঙে গেছে, যাঁর সঙ্গে তাঁর নামের কিছুটা মিল আছে৷ পরশু বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ পাওলো বেন্তো। তাতে জায়গা হয়নি ইন্টার মিলানের ডিফেন্ডার রোলানদোর৷ তবে রোলানদোর চেয়েও বড় চমক অভিজ্ঞ স্ট্রাইকার রিকার্ডো কুয়ারেসমার বাদ পড়া৷
বেন্তোর দলে চমক আছে আরও। গত সপ্তাহে ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে এই দুজনের সঙ্গে বাদ পড়েছেন গোলরক্ষক অ্যান্থনি লোপেজ, ডিফেন্ডার ভিতোরিনো আন্তুনেস, মিডফিল্ডার আন্দ্রে গোমেজ, হোয়াও মারিও এবং স্ট্রাইকার ইভান কাভালেইরো।
বেন্তোও আর সব কোচের মতো গেয়েছেন তারুণ্যের জয়গান। বড় টুর্নামেন্টে অভিষেক হবে ছয়জনের৷ আক্রমণভাগে যেমন রোনালদো-নানিদের সঙ্গে আছেন রাফায়েল ফেরেইরা ওরফে রাফা। পর্তুগিজ ক্লাব ব্রাহার ২১ বছর বয়সী স্ট্রাইকার জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র একটা ম্যাচ, গত মার্চে ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে। ব্রাহার আরেক স্ট্রাইকার এঁদেরও আছেন দলে। দুটি করে ম্যাচ খেলা মিডফিল্ডার উইলিয়াম কারভালহো ও ডিফেন্ডার আন্দ্রে আলমেইদাও যাচ্ছেন ব্রাজিলে।
অভিজ্ঞদের বাদ দেওয়ায় সমালোচনা হবে, এটা জানেন বলেই বেন্তো যুক্তি দিলেন, ‘খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন। কারণটা পুরোই টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল। আক্রমণভাগ এবং রক্ষণে ভূমিকা রাখতে পারবে, এই বিবেচনা থেকেই খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে।’
দল ঘোষণা করলেও বেন্তো এখনই দলের সব খেলোয়াড়দের এক সঙ্গে পাচ্ছেন না। ২৪ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। অধিনায়ক রোনালদোসহ রিয়ালের অন্য দুই খেলোয়াড় পেপে ও কোয়েন্ত্রাওরা অনুমিতভাবেই ২৫ তারিখের আগে যোগ দিতে পারবেন না। এএফপি ও ওয়েবসাইট৷

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: রুই প্যাত্রিসিও, বেতো, এদুয়ার্দো
ডিফেন্ডার: আন্দ্রে আলমেইদা, ব্রুনো আলভেজ, ফ্যাবিও কোয়েন্ত্রাও, হোয়াও পেরেইরা, নেতো, পেপে, রিকার্ডো কস্তা
মিডফিল্ডার: হোয়াও মুতিনহো, মিগুয়েল ভেলোসো, রাউল মেইরেলেস, রুবেন আমোরিম, উইলিয়াম কারভালহো
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, এঁদের, হেল্ডার পস্টিগা, হুগো আলমেইদা, নানি, রাফা, সিলভেস্টার ভারেলা ও ভিয়েইরিনহা।