বেপথু সম্ভাবনার ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারোত্তোলনে সুখের বাতাস বইছিল বছরখানেক আগেও। শেষ দুটি এসএ গেমসে দুটিসহ সাম্প্রতিক বছরে এই খেলায় আন্তর্জাতিক সোনা এসেছে ১১টি। কিন্তু ফেডারেশনের কমিটি ভাঙাগড়া নিয়ে সেই সুখের পরিবেশটা আর নেই।

১৯৭৬ থেকে ২০১৬ সালের জুন—৪১ বছর সাধারণ সম্পাদক পদে থাকা উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদকে সরিয়ে সরকার অ্যাডহক (অস্থায়ী) কমিটি করায় কিছু সমস্যা তৈরি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত এক বছরে দুটি অ্যাডহক কমিটি গঠন করলেও খেলায় গতি আগের মতো আর নেই। বিদায়ী সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তাঁর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়া হয়নি এবং আইনগতভাবেই তিনিই দায়িত্বে আছেন। সরকারের মনোনীত কমিটিকে আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দেয় না।

মহিউদ্দিন আহমেদ এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন এবং বিশ্ব ভারোত্তোলন ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য। তাঁর কথা শোনে আন্তর্জাতিক সংস্থা। মহিউদ্দিন আহমেদ বলেছেন, ‘যে কটি আন্তর্জাতিক টুর্নামেন্টে সম্প্রতি গিয়েছে বাংলাদেশ দল, সব জায়গায় আমি বলে দিয়েছি বলেই যেতে পেরেছে। অ্যাডহক কমিটি আমার সহায়তা চেয়েছে, আমি করেছি। কিন্তু আমাকে পাশ কাটাতে গিয়ে জাপানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে যেতে পারেনি বাংলাদেশে। আগামী ২২-২৯ জুলাই কাঠমান্ডুতে অনুষ্ঠেয় এশিয়ান জুনিয়র ও যুব ভারোত্তোলনেও আমাকে পাশ কাটানোয় বাংলাদেশের নিবন্ধন বাতিল হয়েছে।’ তবে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র দেবনাথের ভাষ্য ভিন্ন, ‘আমরা কারও সহায়তা ছাড়াই বিদেশে দল পাঠাচ্ছি। আমরা সহায়তা নিই শুধু এনএসসির, অন্য কারও নয়।’

মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, ২০১২ সালে মেয়াদ শেষ হলেও নির্বাচন না করেই তিনি ক্ষমতায় ছিলেন। মহিউদ্দিন অবশ্য নির্বাচন করার জন্য এনএসসিকে তাগাদা দিয়েছেন বলে দাবি করছেন। এ ব্যাপারে ২০১৪ সালে ক্রীড়া পরিষদকে তাঁর দেওয়া একটি চিঠিও দেখান এই প্রতিবেদককে। শেষ পর্যন্ত গত বছর ৯ জুন অ্যাডহক কমিটি করে ক্রীড়া পরিষদ। লে. কর্নেল শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত সেই কমিটি ঠিকভাবে কোনো কাজই করতে পারেনি। শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে শুধুই দূরত্ব বাড়িয়েছে।

সেই কমিটি বাতিল করে গত ৪ জানুয়ারি আরেকটি অ্যাডহক কমিটি করা হয়েছে। এবার সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া পরিষদেরই পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণচন্দ্র দেবনাথ। কমিটি নিয়ে মহিউদ্দিনের অভিযোগ, ‘কমিটিতে কোনো নারী নেই। অথচ নারীরা পদক আনেন বিদেশ থেকে। সংগঠকদের বাদ দিয়ে সব ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে সন্ত্রাসী কায়দায় ভারোত্তোলন ফেডারেশনের অফিস ও জিমনেসিয়াম দখল করে প্রথম অ্যাডহক কমিটি তালা লাগিয়ে দেয়, যা ছিল বিস্ময়কর।’

এখন পর্যন্ত মহিউদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়নি অ্যাডহক কমিটি! দায়িত্ব বুঝিয়ে দিতে গত বছরের ১২ জুন তাঁকে চিঠি দিয়ে ১৫ জুনের মধ্যে নতুন কমিটির হাতে দায়িত্ব দিতে বলছিল ক্রীড়া পরিষদ। মহিউদ্দিনের দাবি, ফেডারেশনের কাছে তিনি ৮ লাখ ৫২ হাজার টাকা পাবেন। এই টাকা দিয়ে দায়িত্ব বুঝে নিতে অনুরোধ করেন ক্রীড়া পরিষদকে। ‘এনএসসি আর যোগাযোগ করেনি আমার সঙ্গে’—বলেছেন বিদায়ী সাধারণ সম্পাদক। তাঁর কথা, ‘এনএসসি আমার সঙ্গে বসুক। আমার কোনো ত্রুটি থাকলে বলুক। প্রয়োজনে তদন্ত কমিটি করুক। তা না করে অ্যাডহক কমিটি করেছে। এখন নির্বাচনও করে না। ওদিকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হয়ে আছে বাংলাদেশ।’

অ্যাডহক কমিটির সদস্য মজিবর রহমান গত ২০ মে সাধারণ সম্পাদককে লেখা এক চিঠিতে নানা অভিযোগ এনেছেন কমিটির এক যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে। চিঠিতে তাঁকে অযোগ্য ও বদমেজাজি বলা হয়। সম্প্রতি কয়েকজন খেলোয়াড় এনএসসির সচিবের কাছে চিঠি দিয়ে বলেছেন, ‘আন্তর্জাতিক পদক পেতে আগে যেভাবে কাজ হয়েছে, বর্তমানে সেভাবে হয় না।’ ক্রীড়া পরিষদ সভাপতি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন অ্যাডহক কমিটির পাঁচ কর্মকর্তা। নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেছেন।

বিদায়ী সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের দাবি, ‘একটা শিশুকে ৪৫ বছরে বড় করেছি। আমার সময়ে ৬৬টি আন্তর্জাতিক পদক এসেছে। সেই খেলাটি এখন ধ্বংস হয়ে যাচ্ছে।’ তাঁর প্রশ্ন, ‘সংগঠক বাদ দিয়ে ঠিকাদার কেন কমিটিতে?’

ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস জবাবে বলেন, ‘ক্রীড়া সংগঠকদের নিয়েই কমিটি করা হয়। তাদের মূল পেশা কী সেটা দেখা হয় না।’ এনএসসির সচিবের দাবি, ‘নির্বাচন না হওয়ায় অ্যাডহক কমিটি করতে হয়েছে এবং প্রথম অ্যাডহক কমিটি ঠিকমতো কাজ করছিল না।’ মহিউদ্দিনের পাওনা মিটিয়ে দায়িত্ব না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অশোক বিশ্বাসের কথা, ‘দেনা-পাওনা থাকলে পুরোনো কমিটির সঙ্গে বসে সব দেখবে নতুন কমিটি।’ খেলাটির অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে কি না, প্রশ্ন করলে সচিব বলেন, ‘বর্তমান অ্যাডহক কমিটির কার্যক্রম এখন পর্যন্ত সন্তোষজনক।’

ভারোত্তোলনের বেশির ভাগ খেলোয়াড়-সংগঠকই অবশ্য বলছেন, সম্ভাবনাময় ভারোত্তোলন কিছুটা হলেও পথ হারিয়ে ফেলেছে।