বেফাঁস বলে ফাঁসলেন আরশাভিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি ভালো কথা, তাই বলে উল্টো সমর্থকদের দুষবেন? আন্দ্রেই আরশাভিনের মন্তব্যটা তাই ঔদ্ধত্যের মতোই শোনাবে। শেষ ম্যাচে হেরে প্রথম রাউন্ড থেকেই রাশিয়ার বাদপড়াটা নাকি সমর্থকদের ‘সমস্যা’। এমন বেফাঁস কথা বলায় এবার আরশাভিনকে নিয়ে রাশিয়াজুড়ে বইছে নিন্দার ঝড়। ‘দলে এমন খেলোয়াড়ের প্রয়োজন নেই’—সরাসরি মন্তব্য করেছেন রাশিয়ান ফুটবল ফেডারেশনের সাম্মানিক সভাপতি ভিচেস্লাভ কোলোস্কভ। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী একই সুরে বলেছেন, খেলোয়াড়দের মনে রাখা উচিত, তাঁরা দেশের হয়ে খেলছেন। ঘটনা হলো, রাশিয়ার একদল সাংসদ খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে ছিলেন। গ্রিসের কাছে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাঁরা ক্ষুব্ধ ছিলেন। নিজেদের ক্ষোভটাও সেখানেই প্রকাশ করেন সরাসরি। নির্লিপ্ত আরশাভিনের জবাবটা ছিল, ‘কেন মাফ চাইব আমরা?’ তখন সাংসদদের একজন বলেন, তাঁরা অগুনতি সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। আরশাভিনের পাল্টা জবাব, ‘কার প্রত্যাশা? আপনাদের না আমাদের? যদি আপনাদের হয় তবে সেটা আপনাদেরই সমস্যা।’ শুধু তাই নয়, অনেক খেলোয়াড় নাকি বিক্ষুব্ধ সমর্থকদের শাপশাপান্ত করছিলেন। ঘটনাটি মুঠোফোন ফুটেজ থেকে ধরা পড়ে। পরে আরশাভিনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দাবি করা হয়, কথাগুলো সব সমর্থকের উদ্দেশে নয়, বরং যারা ম্যাচের পর দলের প্রতি উষ্মা দেখিয়েছে, তাদের প্রতি। ‘কার উদ্দেশে কথাগুলো বলা হয়েছিল? সব সমর্থকের? অবশ্যই না।’ ওয়েবসাইটটি দাবি করছে, খেলোয়াড়েরাও সমর্থকদের মতোই মানসিকভাবে বিপর্যস্ত। এএফপি।