বেবেতোর সেই ছেলে
দুঙ্গা, তাফারেল ডাগ-আউটেই বসে থাকবেন। খেলার উত্তেজনায় মজে যাবেন। কিন্তু মাঝে মাঝে স্মৃতিতে ১৯৯৪ বিশ্বকাপ এসে পড়বে না? চোখের সামনে ভেসে উঠবে না বেবেতোর সেই বিখ্যাত উদ্যাপন!ওড়ঠারই কথা। হল্যান্ডের বিপক্ষে সেবার এই কোয়ার্টার ফাইনালেই দেখা হয়েছিল দুঙ্গাদের। ৬৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন বেবেতো। তার পরই সেই উদ্যাপন—দু হাতে অদৃশ্য এক শিশুকে ধরে ঘুম পাড়ানোর ভঙ্গিতে দোলানো। বেবেতোর উদ্যাপন কালক্রমে ফুটবল তো বটেই, পুরো খেলাধুলার দুনিয়াতেই এক নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়াল। কিন্তু সেদিন বেবেতো কেন অমন করেছিলেন?কারণ, তার মাত্র দুদিন আগেই দুনিয়ায় এসেছিল তাঁর পুত্রসন্তান—ম্যাথুস। ১৯৯৪ সালে যে ছেলেটির জন্ম, আজ তাঁর বয়স ১৬ হওয়ার কথা। সেই ম্যাথুস কি বাবার মতোই ফুটবল খেলেন? জন্ম যাঁর ব্রাজিলে, বাবা যাঁর বেবেতো; তিনি কী করে ফুটবল না খেলে পারেন!ম্যাথুস ফুটবল খেলেন, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোর অ্যাটাকিং মিডফিল্ডার তিনি। ব্রাজিল অনূর্ধ্ব-১৬ দলেও খেলছেন তিনি। প্রিয় খেলোয়াড় কাকা। আপাতত স্বপ্ন তাঁর, ‘আমি বিশ্বকাপে যাব। আমাদের পরিবারের সবার স্বপ্ন, আমি একদিন বিশ্বকাপে যাব।’তাহলে বিশ্বকাপ কি আবার সেই উদ্যাপন দেখবে বেবেতোরই উত্তরসূরির কাছ থেকে? সাংবাদিকদের সন্তুষ্ট করতে বাবার বিখ্যাত উদ্যাপনটা ক্যামেরার সামনে করে দেখাতে রাজি হলেন। কিন্তু তাঁর নিজস্ব উদ্যাপন ছাড়তে রাজি না। তাঁর নিজস্ব উদ্যাপন কেমন? সেটা রবিনহো, নিলমারদের মতো! ওয়েবসাইট।