বেরিংটনের শতরান, স্কটল্যান্ড ১৬২
আয়ারল্যান্ডকে ধবলধোলাইয়ের পর এবার স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ না হলেও বাংলাদেশের বিপক্ষে এই টি-টোয়েন্টি ম্যাচের শুরুটা বেশ ভালোভাবেই করেছে স্কটল্যান্ড। উদ্বোধনী ব্যাটসম্যান রিচি বেরিংটনের অনবদ্য শতরানের সুবাদে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিকরা। মাত্র ৫৬ বলে ১০০ রান করেছেন বেরিংটন। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট শিকার করেছেন মাশরাফি বিন মোর্তজা।টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকে স্কটল্যান্ড। ওপেনার বেরিংটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বেশ দ্রুতই ঘুরতে থাকে স্কটিশদের রানের চাকা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে প্রায় একাই লড়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর শতরানের পর স্কটল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ক্যালম ম্যাকলডের। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯ রান।গত ম্যাচের মতো আজকেও বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার মাশরাফি বিন মোর্তজা। চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। একটি করে উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক।