বেল আছেন বেল নেই
একটা শঙ্কা তো ছিলই। গ্যারেথ বেলকে তবু ওয়েলস দলে রেখেছিলেন কোচ ক্রিস কোলম্যান। যদি ফিট হয়ে মাঠে নামতে পারেন—এই ভরসায়। কিন্তু সে আশার গুড়ে বালি। বেল নিজেই জানিয়ে দিয়েছেন মাঠে নামার মতো অবস্থা তাঁর নেই। বিশ্বকাপের বাছাইপর্বের দলে রাখার কয়েক ঘণ্টা পরই আবার তাই বেলকে বাদ দিয়েছেন ওয়েলস কোচ।
গত সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে খেলার পর থেকে চোটের কারণে দলের বাইরে বেল। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহ দুয়েকের আগে মাঠে ফিরতে পারবেন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তার পরও বিশ্বকাপ বাছাইয়ে মেসিডোনিয়া ও বেলজিয়ামের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে বেলকে রেখেছিলেন ওয়েলসের কোচ কোলম্যান। তবে এর পরপরই নাকি বেল চিঠি দিয়ে জাতীয় দলের কোচকে জানিয়েছেন, খেলার মতো ফিট নন তিনি। দলের সেরা তারকাকে পাবেন না জেনে স্বভাবতই হতাশ ওয়েলস কোচ। তাঁর ধারণা, প্রাক-মৌসুমে যথেষ্ট প্রস্তুতির সময় পাননি বেল। তার পরও তাঁকে মাঠে নামিয়ে দেওয়ায় চোটের দায়টা পরোক্ষভাবে তিনি চাপিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ওপর, ‘আমি অন্য কোচের সমালোচনা করতে চাই না। আনচেলত্তি খুবই ভালো কোচ। সত্যিটা হচ্ছে, লা লিগা আর প্রিমিয়ার লিগ দুটি আলাদা। প্রিমিয়ার লিগ অনেক গতিশীল, হয়তো এ কারণে আনচেলত্তি ভেবেছিলেন, বেল লা লিগায়ও সহজেই মানিয়ে নেবে। কিন্তু প্রাক-মৌসুমে যথেষ্ট প্রস্তুতি না থাকলে এটা সম্ভব নয়।’
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে বেলের দল ওয়েলস। এএফপি।