বেল খেলবেন কোথায়?

হতে পারে তাঁর দাম এক হাজার কোটি টাকা। কিন্তু গ্যারেথ বেল যে রিয়াল মাদ্রিদের একাদশে খেলবেনই, সেই নিশ্চয়তা কিন্তু নেই! চোখ কপালে উঠছে? কথাটা কিন্তু রিয়াল মাদ্রিদের সহকারী কোচ পল ক্লেমেন্তের। নিজেকে প্রমাণ করেই নাকি বেলকে জায়গা করে নিতে হবে রিয়াল দলে। ‘এখানে জায়গা পেতে অনেক প্রতিযোগিতা করতে হয়। কাউকে কোনো কিছুর নিশ্চয়তা দেওয়া হয়নি’—বললেন ক্লেমেন্ত।
টটেনহামে গ্যারেথ বেল খেলতেন লেফট উইঙ্গার হিসেবে। রিয়ালে ওই জায়গাটা ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে ক্লেমেন্তের বিশ্বাস, এটা খুব একটা বড় সমস্যা হবে না রিয়ালে, ‘কার্লো আনচেলত্তির (রিয়াল কোচ) নিশ্চয়ই পরিষ্কার ধারণা আছে বেলকে কোথায় খেলাবেন। তবে এটা পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে।’ বেল নিজের যোগ্যতায় রিয়ালে নিজের অবস্থান তৈরি করবেন বলেও মনে করেন ক্লেমেন্ত, ‘সাউদাম্পটনে বেল খেলত লেফটব্যাকে। টটেনহামেও শুরুতে তা-ই ছিল, পরে লেফট উইঙ্গার হিসেবে খেলেছে। ইদানীং সে আরও ভেতরের দিকে এসে খেলে। সুতরাং ওর মধ্যে বৈচিত্র্য আছে।’ এএফপি।