বেল পারলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিটনেস নিয়ে একটু সংশয় ছিল। সেটিরই হয়তো প্রভাব পড়েছে কিছুটা। আর দশটা ম্যাচের মতো মাঠে ঠিক সপ্রতিভ ছিলেন না গ্যারেথ বেল। কিন্তু ম্যাচ শেষের উদ্‌যাপনে ঠিকই তিনি ওয়েলস দলটির মধ্যমণি।

হবেনই বা না কেন! দুর্দান্ত বেলে সওয়ার হয়েই যে ইউরোর বাছাইপর্বটাকে এবার স্মরণীয় করে রাখল ওয়েলস। ৫৭ বছর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তারা, ইউরোতে উঠল প্রথমবারের মতো।

ইয়ান রাশ, মার্ক হিউজ, গ্যারি স্পিড, রায়ান গিগস...ওয়েলসের জার্সিটা গায়ে চাপিয়েছেন অনেক বিশ্বমানের খেলোয়াড়ই। তবে ক্লাব ক্যারিয়ারে অসাধারণ সাফল্য পেলেও কখনো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে না খেলতে পারার আক্ষেপটা তাঁদের সারা জীবনের।

এদিক থেকে ভাগ্যবান বেল। অ্যারন রামসে, অ্যাশলি উইলিয়ামসদের নিয়ে ‘সোনালি প্রজন্মের’ ওয়েলস দলটিকে সঙ্গে করে পাঁচ দশকের আক্ষেপ তো মুছে দিলেনই, স্বপ্ন পূরণ হলো তাঁর নিজেরও। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বললেন, ‘ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি। ছোটবেলায় খেলা শুরু করার পর থেকেই স্বপ্ন ছিল বড় টুর্নামেন্টে খেলার।’

সোনালি প্রজন্ম বলা হলেও এ দলের কান্ডারি বেলই। পরিসংখ্যানও সেই সাক্ষ্যই দেয়—বাছাইপর্বে ওয়েলসের ১৮ পয়েন্টের ১১টিই এসেছে রিয়াল তারকার ৬ গোলের পাশে ২টি গোল বানিয়ে দেওয়ায়। রয়টার্স।

তবে এমন ইতিহাস গড়ার দিনে বেল কৃতিত্ব দিলেন দলীয় সমন্বয়কেই, ‘আমরা দেখিয়েছি দল হিসেবে আমরা কেমন। যখন কেউ বল হারায়, আমরা সবাই লড়াই করি সেটা ফিরে পেতে। মাঠে আমরা ভাইয়ের মতো। তবে এখানেই শেষ নয়, ফ্রান্সেও অনেক কিছু দেখানোর আছে আমাদের।’

সেটি যে বেলরা পারবেন, এ নিয়ে সংশয়বাদী মনে হয় খুব বেশি নেই।