বেল ফেরালেন ইংল্যান্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুক ফিরলেন ২২ রান করে। তাঁর চেয়ে ১ রান বেশি করে জোনাথন ট্রট। দুজনই রায়ান হ্যারিসের বলে ক্যাচ দিলেন ব্র্যাড হাডিনের গ্লাভসে। এই দুজনের আগেই জো রুট ফিরে গেছেন মাত্র ২ রানে। ফিরিয়েছেন সেই হ্যারিসই। ৪৯ রানে ৩ উইকেট নেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে। ড্রেসিং রুমের ব্যালকনিতে ইংল্যান্ড অধিনায়ক কুকের মুখটা একবার দেখাল টিভিতে। মলিন! অথচ লাঞ্চের আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করে ফিরে যাওয়ার সময় তাঁর মুখেই ছিল চওড়া হাসি।তৃতীয় দিনের খেলা শেষে সেই হাসি আবার ফিরিয়ে এনেছেন ইয়ান বেল। সিরিজে তৃতীয় সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার সিরিজ ড্র করার স্বপ্নও ধূসর করে দিয়েছেন অনেকটাই। পিটারসেনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১০৬ রান যোগ করে ম্যাচে ফিরিয়েছিলেন ইংল্যান্ডকে। ৪৪ রান করে পিটারসেন আউট হয়ে গেলেও দিনের শেষে বেল অপরাজিত ১০৫ রানে। ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৩৪। প্রথম ইনিংসে ৩২ রানের ঘাটতি পুষিয়ে এরই মধ্যে ২০২ রানের লিড।অস্ট্রেলিয়া দিন শুরু করেছিল আগের দিনের ৫ উইকেটে ২২২ রান নিয়ে। দিনের শুরুতেই হাডিনকে (১৩) হারাল। এর ওভার তিনেক পরেই দ্বিতীয় দিনের নায়ক ক্রিস রজার্সও ফিরে গেলেন আগের দিনের ১০১ রানের সঙ্গে মাত্র ৯ রান যোগ করে। দুটি উইকেটই গ্রায়েম সোয়ানের। ইংল্যান্ডের লোয়ার অর্ডার ধসিয়ে দেওয়ার বাকি কাজটা করেছেন দুই ইংলিশ পেসার। পিটার সিডল আর নাথান লায়নকে ফিরিয়েছেন অ্যান্ডারসন। রায়ান হ্যারিসকে আউট করে ইনিংস শেষ করার সঙ্গে ৫ উইকেটও পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজে সর্বশেষ ১২ ইনিংসে এই প্রথম ২ উইকেটের বেশি পেলেন ব্রড। আগের দিনের রানের সঙ্গে আর মাত্র ৪৮ যোগ করেই অলআউট অস্ট্রেলিয়া।নাটকীয়তায় ভরা ছিল চেস্টার-লি-স্ট্রিটের আগের দুটি দিনও। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুতেই রুটের উইকেট হারালেও কুক আর ট্রট মিলে স্বপ্ন দেখাচ্ছিলেন বড় ইনিংসের। কিন্তু নাথান লায়ন মিডল অর্ডারে ধস নামালে সেই ইংল্যান্ডই অলআউট হয়ে যায় ২৩৮ রানে। অস্ট্রেলিয়ার শুরুটা হয় আরও খারাপ। ব্রডের অসাধারণ এক স্পেলে মাত্র ৭৬ রানেই পড়ে যায় ৪ উইকেট। সেখান থেকে শেন ওয়াটসনকে নিয়ে ঘুরে দাঁড়ান ক্রিস রজার্স। শেষ হয়ে যেতে যেতে নতুন করে শুরু টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদও পান তিনি। সেই সেঞ্চুরির সঙ্গে ম্যাচ জেতানোর আনন্দ যোগ করার পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন ইয়ান বেল। তথ্যসূত্র: স্টার ক্রিকেট ও ক্রিকইনফো।