বেল-রোনালদোকে হারানোর ঝুঁকিতে রিয়াল মাদ্রিদ
এবারের মৌসুমের শুরুতেই ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে গ্যারেথ বেলকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোও বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার। হবে না-ই বা কেন? রিয়াল মাদ্রিদ যে ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব। কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থনীতির হিসাবে কিছুটা চাপের মুখেই পড়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি অন্যায্যভাবে রাষ্ট্রীয় সহায়তা পাচ্ছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে বেশ সমস্যায়ই পড়তে হবে রিয়াল মাদ্রিদকে। এমনকি বিক্রিও করে দিতে হতে পারে বেল-রোনালদোর মতো তারকা ফুটবলারদের।
রাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ শুধু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই না। একই অভিযোগে অভিযুক্ত হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিক বিলবাও, ওসাসুনা, এলচে ও হারকিউলিস। আয়কর-সংক্রান্ত জালিয়াতি, সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই ক্লাবগুলোকে স্পেন সরকার অন্যায়ভাবে সহায়তা করে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের। এটা নিয়ে খুব দ্রুতই তদন্ত শুরু করবে ইইউয়ের একটি বিশেষ কমিশন। সেখানে অভিযোগগুলো প্রমাণিত হলে বেশ মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হবে স্প্যানিশ ক্লাবগুলোকে। আর তখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে ইউরোপের শীর্ষ দুই ধনী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
টটেনহাম ও বরুশিয়া ডর্টমুন্ডসহ স্পেনের বাইরের কিছু ক্লাবের সমর্থক ও বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।— জি নিউজ