
সাবেক আর্জেন্টিনা স্ট্রাইকার হোর্হে ভালদানো একবার বলেছিলেন, ‘লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার তুলনা কেউ হয়তো এড়িয়ে চলতে চাইবে। কিন্তু মেসি এড়িয়ে চলতে দেয় কোথায়!’
ম্যারাডোনার সতীর্থ ও ১৯৮৬ বিশ্বকাপ জয়ে ৪ গোল করা ভালদানোর কণ্ঠে উঠে এসেছিল আসলে অনেকের মনের কথাটিই। বল পায়ে কারিকুরিতে হোক বা অনেককে কাটিয়ে গোল করে, কিংবা দলকে একাই বয়ে নিয়ে, মাঠের পারফরম্যান্সে মেসি যে প্রায়ই মনে করিয়ে দেন ম্যারাডোনাকে! সেই তুলনার আগুনে ঘি ঢালছে আজকের মঞ্চ। মেসির প্রতিপক্ষ আজ বেলজিয়াম!

বেলজিয়ামই উসকে দিচ্ছে তুলনা। ম্যারাডোনা-বেলজিয়াম-বিশ্বকাপ মানেই ম্যারাডোনার শ্রেষ্ঠত্বের কিছু টুকরো টুকরো ছবি। ১৯৮২ বিশ্বকাপের ওই ছবিটি কে ভুলতে পারে। সেই যে আগুয়ান ম্যারাডোনাকে আটকাতে সামনে দাঁড়িয়ে ছয় বেলজিয়ান ফুটবলার! ন্যু ক্যাম্পের সেই লড়াইয়ে অবশ্য হেরেছিল আর্জেন্টিনা। পরে ব্রাজিল-ইতালির কাছে হেরে বিদায় নেয় দ্বিতীয় গ্রুপপর্ব থেকে। চার বছর পর সেই বেলজিয়ামের বিপক্ষেই দেখা যায় মধ্যগগনের ম্যারাডোনার সেরা ঝলক। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একাই ২ গোল করে দলকে তুলেছিলেন ফাইনালে। ‘হ্যান্ড অব গড’ ও ‘সর্বকালের সেরা গোল’—আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা-ঝড়ে প্রায়ই আড়াল হয়ে যায় সেমিফাইনালের পারফরম্যান্স। নইলে বেলজিয়াম ম্যাচও তো ছিল ম্যারাডোনার একক নৈপুণ্যে ভাস্বর!
মেক্সিকোর অ্যাজটেকায় সেদিন ম্যারাডোনার দুটি গোলই ছিল দ্বিতীয়ার্ধে। হোর্হে বুরুচাগার পাস থেকে বক্সের ভেতর নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোল ৫১ মিনিটে। ১২ মিনিট পর করা গোলটিকে তো রাখতে হয় বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলগুলোর ছোট্ট তালিকাতেই। গোললাইনের ৩০ গজ দূরে বল ধরে দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে ঢুকে যান বক্সে। দুই বেলজিয়ান সেন্টারব্যাককে এড়িয়ে চলে যান বক্সের বাঁ কোনায়। সঙ্গে লেগে থাকা সেন্টারব্যাক আর আগুয়ান গোলকিপার কাভার করে ফেলেছিলেন শট নেওয়ার জায়গা। কিন্তু ম্যারাডোনা ঠিকই দুজনের ফাঁক দিয়ে দারুণভাবে বল পাঠান জালে।
ওই বিশ্বকাপে ৫ গোল করেছিলেন ম্যারাডোনা, করিয়েছিলেন ৫টি। বলা হয়, একার কাঁধে বিশ্বকাপ জয়ের একমাত্র উদাহরণ। ২৮ বছর পর মেসিও তো সেটাই করছেন! চার গোল করে বলতে গেলে একাই দলকে পার করিয়েছেন গ্রুপপর্বের বৈতরণি। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকার যখন কেবল কয়েক মুহূর্তের অপেক্ষা, মেসির অসাধারণ এক পাসেই অ্যাঙ্গেল ডি মারিয়ার জয় এনে দেওয়া গোল। সেদিন আটটি গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন মেসি, বিশ্বকাপে এক ম্যাচে যা আর্জেন্টিনার সর্বোচ্চ।
সরাসরি তুলনার কিছু উপাদানও মিলছে। দুজনকেই কড়া মার্কিংয়ে রাখত এবং এখনো রাখে প্রতিপক্ষ। ম্যারাডোনা সেটাকে নিজের পক্ষে কাজে লাগাতেন। প্রতিপক্ষের সব মনোযোগ নিজে কেড়ে নিয়ে খেলাতেন সতীর্থদের। ফাইনালে বুরুচাগাকে দিয়ে করিয়েছিলেন জয়সূচক গোল। ম্যারাডোনাকে নিয়ে প্রতিপক্ষের সব ভাবনার সুযোগে ৪ গোল করেছিলেন ভালদানো। দলের ১৪ গোলের ১০টিতেই ছিল ম্যারাডোনার সরাসরি অবদান। মেসিও এবার সেটাই করছেন! দলের ৭ গোলের ছয়টিতেই তাঁর প্রত৵ক্ষ বা পরোক্ষ অবদান। আর চিরন্তন কিছু তুলনার উপাদান তো আছেই। দুজনই ১০ নম্বর, দেশকে জিতিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, দুজনেরই আন্তর্জাতিক অভিষেক হাঙ্গেরির বিপক্ষে।
দুজনের তুলনায় মুখোমুখি লড়াইয়ের একটা পেক্ষাপটও আছে। ১৯৮২ বিশ্বকাপে ম্যারাডোনাকে বারবার বঞ্চিত করেছিলেন বেলজিয়ান গোলকিপার জাঁ-মেরি পাফ। চার বছর পর সেই গোলকিপারের জালে দুবার বল পাঠিয়েছিলেন ম্যারাডোনা। এখনকার বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়ার বিপক্ষে লা লিগায় গত দুই মৌসুমে ৭ ম্যাচে গোল করতে পারেননি মেসি। আজ কি পারবেন?
পারলে নতুন উচ্চতা ছোঁবে মেসি-ম্যারাডোনার তুলনা, নয়তো হবে স্তিমিত। আপাতত! তথ্যসূত্র: ফিফাডটকম, গোলডটকম।
যেভাবে কোয়ার্টার ফাইনালে
আর্জেন্টিনা
১ম রাউন্ড
আর্জেন্টিনা ২ : ১ বসনিয়া
আর্জেন্টিনা ১ : ০ ইরান
আর্জেন্টিনা ৩ : ২ নাইজেরিয়া
২য় রাউন্ড
আর্জেন্টিনা ১ : ০ সুইজারল্যান্ড
বেলজিয়াম
১ম রাউন্ড
বেলজিয়াম ২ : ১ আলজেরিয়া
বেলজিয়াম ১ : ০ রাশিয়া
বেলজিয়াম ১ : ০ দ. কোরিয়া
২য় রাউন্ড
বেলজিয়াম ২ : ১ যুক্তরাষ্ট্র
মুখোমুখি
আর্জেন্টিনা-বেলজিয়াম
ম্যাচ আর্জেন্টিনা বেলজিয়াম ড্র
মোট ৪ ৩ ১ ০
বিশ্বকাপে ২ ১ ১ ০