বেলজিয়াম: বিশ্বকাপের চমক?

বিশ্বকাপ জিতবে কোন দেশ? কেউ এই প্রশ্ন করলে উত্তরে মুখ দিয়ে বেরিয়ে আসে গুটিকয়েক দেশের নাম। ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানি। নিদেনপক্ষে ফ্রান্স কিংবা স্পেন। বিশ্বকাপের ইতিহাসও বলছে এই কয়েকটি দেশের মধ্যেই হাতবদল হয়েছে শিরোপার মুকুট। উরুগুয়ের দুবার বিশ্বকাপ জয়ের ইতিহাস মাথা থেকে ঝেড়ে ফেলুন। ঝেড়ে ফেলুন হল্যান্ডের তিনবার ফাইনাল অবধি পৌঁছানোর ইতিহাসও। এবারের বিশ্বকাপ সামনে রেখে কেউ যদি সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেলজিয়ামের নাম বলে, তাহলে ভ্রু আপনার কুঁচকে যেতেই পারে। তবে ভ্রু কোচকানোর আগে সবাইকে অনুরোধ, বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডটি একবার দেখে নেওয়ার। কাগজে-কলমে পশ্চিম ইউরোপের এই দেশটির বিশ্বকাপ জেতার সম্ভাবনা অবশ্যই আছে। তবে শর্ত প্রযোজ্য।
এনজো শিফোর কথা মনে পড়ে? ১৯৮৬ সালের বিশ্বকাপে যাঁর হাত ধরেই বেলজিয়াম পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। আর্জেন্টিনার কাছে হেরে সেবার বেলজিয়ামের বিশ্বকাপ-স্বপ্নের সমাধি হলেও শিফো কিন্তু আপন মহিমায় উজ্জ্বল হয়ে আছেন বেলজিয়ান ফুটবলে। তাঁর বিদায়ের পর বেলজিয়ান ফুটবলই যেন হারিয়ে গেল বিশ্ব ফুটবলের মানচিত্র থেকে। ২০০২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে থাকলেও অনুজ্জ্বলই ছিল তাদের উপস্থিতি। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ ১২ বছর পর তারা সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। বাছাইপর্বে দারুণ খেলেই তারা আবার বিশ্বকাপের মঞ্চে। দলে ঘটেছে অসাধারণ কিছু খেলোয়াড়ের সমাবেশ। গোলরক্ষক কর্তুয়া, ভিনসেন্ট কম্পানি, টমাস ভারমিউলেন, তোবে ভেল্ডারওয়েল্ড, ড্যানিয়েল ফন বুইটেন, ভার্তোনগেন, ফেল্লেনি, জানুজাজ—তালিকাটা বড়ই হবে।
আক্রমণভাগে ইডেন হ্যাজার্ড, লুকাকো, মার্টেনসতো ছত্রখান করে দিতে পারেন বিশ্বের যেকোনো রক্ষণকে। একটা সময় সঙ্গীহীন এনজো শিফোকে নিয়ে যাঁদের আফসোস ছিল, বেলজিয়ামের বর্তমান দলটিকে দেখলে তাঁদের অবশ্যই পরিতৃপ্ত বোধ করার কথা।
অবতরণিকায় একটি শর্তের কথা বলা হয়েছিল। শর্তটি আর কিছুই নয়। তারকাখচিত এই স্কোয়াডের প্রতিভা যদি মাঠের লড়াইয়ে অনুদিত হওয়াটাই সেই শর্ত। তবে এটা ঠিক এই দল চ্যাম্পিয়ন না হোক শেষ আটের আশপাশে এই দলকে দেখার প্রত্যাশা করা যেতেই পারে।
দলটির কোচ হিসেবে আছেন ৪৫ বছর বয়সী মার্ক উইলমট। এর আগে কোচিং করিয়েছেন শালকের মতো দলকে। দলে তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। একজন বাবার মতোই আগলে রেখেছেন পুরো পরিবারকে, একজন বন্ধুপরায়ণ শিক্ষকের মতোই দলে এনেছেন বড় কিছু করার আত্মবিশ্বাস।
গোলরক্ষক কর্তুয়া আছেন জীবনের সেরা ফর্মে। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের তকমাটা তাঁর গায়ে এঁটেই দেওয়া যায়। তাঁর বিশ্বস্ত গ্লাভসজোড়া অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এনেছে, এমনকি স্প্যানিশ লিগ জেতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলটি। তাঁর যে ফর্ম, তা ধরে রাখতে পারলে প্রতিপক্ষের স্ট্রাইকারদের গোল পেতে বেশ কাঠখড়ই পোড়াতে হবে। ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ভিনসেন্ট কম্পানির দিকে চোখ রাখতে হবে সবার। রক্ষণভাগের এই পরীক্ষিত সৈনিক বেলজিয়ান দলটির অধিনায়কও। কম্পানির সবচেয়ে বড় গুণ মাঠে ও মাঠের বাইরে তাঁর সহজাত নেতৃত্ব। প্রতিপক্ষের আক্রমণভাগের জন্য দীর্ঘশ্বাসের কারণ হয়ে উঠতে পারেন এই ডিফেন্ডার।
এই বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার হয়ে ওঠার সব ধরনের যোগ্যতাই আছে ইডেন হ্যাজার্ডের। চেলসির হয়ে খেলা এই মিডফিল্ডারকে কেন্দ্র করেই আবর্তিত হবে বেলজিয়ামের আক্রমণভাগ। গতি, স্কিল দিয়ে ভড়কে দিতে পারেন যেকোনো রক্ষণভাগকেই। বেলজিয়ান দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভাবা হচ্ছে তাকে। হ্যাজার্ডের ওপরই নির্ভর করছে দলটি বিশ্বকাপমঞ্চে কতদূর যেতে পারবে। ফুটবলবোদ্ধাদের চোখ থাকবে কেভিন ব্রুনের দিকেও। চেলসির হয়ে ব্যর্থতার পর যোগ দেন বুন্দেসলিগার উলফসবার্গে, সেখানে গিয়েই খুঁজে পেয়েছেন নিজের হারানো ফর্ম। মাঝমাঠে তাঁর সৃজনশীল দক্ষতার জন্য বেলজিয়ান দলটিতে দিন দিন অপরিহার্য হয়ে উঠছেন এই তারকা। দলে আছেন পাসিং দক্ষতার জন্য সুবিদিত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফেলানি। আক্রমণভাগে এভারটনের লুকাকুই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। লুকাকুর বল পজেশন, বুলেট শট সর্বোপরি গোলক্ষুধা কিন্তু প্রতিপক্ষের জন্য আতঙ্কই হয়ে উঠতে পারে। বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এভারটনেরই আরেক সতীর্থ মিরালাস।
শক্তিমত্তা: ইউরোপের ক্লাবগুলোতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন বেলজিয়ামের খেলোয়াড়েরা। আক্রমণভাগ-রক্ষণ-মাঝমাঠ; সবগুলো পজিশনেই দলটি ব্যালান্সড। বিশ্বকাপ বাছাইপর্বে দলটি ১০ ম্যাচে মাত্র ৪ গোল হজম করেছে, দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন গোলরক্ষক কর্তুয়া। এবারের বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ বলা হচ্ছে বেলজিয়ামকে, বিশ্বগণমাধ্যমেও দলটি নিয়ে রয়েছে দারুণ কৌতূহল। এ সবকিছুই প্রতিপক্ষ দলকে মানসিক চাপে ফেলে দিতে বাধ্য।
দুর্বলতা: দলটি এখনো বিশ্বের সেরা দলগুলোকে হারাতে পারেনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সারা বছর ব্যস্ত থাকায় জাতীয় দলে খুব কম সময়ই একসঙ্গে কাটিয়েছে দলটি। ফলে কখনো কখনো দেখা গেছে সমন্বয়হীনতা। সঙ্গে আছে প্রত্যাশার ভারে নুয়ে পড়ার আশঙ্কাও!
বাংলাদেশের মানুষ নিখাদ ফুটবলপ্রেমী। প্রতিবছরই আমাদের ছাদ-বারান্দা-গলির দেয়াল ছেয়ে যায় আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকায়। অবশ্য এখন স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ডের পতাকাও উড়তে দেখা যায় কালে ভদ্রে। তবে এবারের বেলজিয়াম দলটি যদি বিশ্বকাপে তাদের সামর্থ্যের প্রতিফলন ঘটাতে পারে, তাহলে সেদিন কিন্তু খুব বেশি দূরে নয়, আর্জেন্টিনা-ব্রাজিলকে টেক্কা দিয়ে পতপত করে উড়বে বেলজিয়ামের পতাকাও!