বেলজিয়াম যাচ্ছেন নর্দে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী এই মৌসুমের পুরো সময়ই তাঁর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলার কথা। কিন্তু সনি নর্দের ফুটবল-জাদুতে মুগ্ধ হয়ে গিয়েছিল কলকাতার দর্শক। গত ফেব্রুয়ারিতে কলকাতায় আইএফএ শিল্ডে খেলার সময়ই নর্দের দিকে নজর পড়ে কলকাতার ক্লাব কর্মকর্তাদের। তখন থেকেই গুঞ্জন কলকাতার বড় কোনো ক্লাবে নাম লেখাবেন সনি নর্দে। গুঞ্জনটা রহস্যে রূপ নেয় কাল দুপুরে, যখন তিনি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আমি এখন বিমানবন্দরে।’
তাহলে কি চলেই যাচ্ছেন ঢাকার ফুটবলের রেকর্ড পারিশ্রমিক পাওয়া ফুটবলার? খোঁজ নিয়ে জানা গেল, সকাল থেকেই তাঁকে শেখ জামাল ক্লাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গেলেন সেই খবরও দিতে পারছিলেন না ক্লাবকর্তারা। সন্ধ্যায় নর্দেকে পাওয়া গেল ফোনে, তবে ব্যস্ততা দেখিয়ে কথা বলতে চাইলেন না। বারবারই তাঁর মুখে এক কথা, ‘আমি এখন ব্যস্ত।’
তার মানে নর্দে গতকাল ঢাকাতেই ছিলেন। সেটিই যদি হয় তাহলে স্ট্যাটাস দিয়ে কেন বললেন তিনি বিমানবন্দরে? এটা রহস্যজনকই। অথচ তাঁর এই স্ট্যাটাস দেখে কলকাতার অনেক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘সনি তোমাকে মোহনবাগান ক্লাবে স্বাগত। স্বাগত সবুজ-মেরুন জার্সিতে।’
তবে কলকাতা নয়, নর্দের চোখ বেলজিয়ামে। তিন দিনের ছুটি নিয়ে আজ তিনি বেলজিয়াম যাচ্ছেন। শেখ জামাল তাঁকে ছুটি দিতে চায়নি এ সময়ে, কারণ ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে লিগের দ্বিতীয় পর্ব। নর্দে নাকি জোর করেই ছুটি নিয়েছেন।
শেখ জামালের সভাপতি মনজুর কাদের জানাচ্ছেন, ‘সনি এমন সময় ছুটি চাওয়ায় একটু অবাকই হয়েছি। সে আমাকে বলেছে, বেলজিয়ামের একটি ক্লাবে ট্রায়াল দিতে যাচ্ছে। ও ইউরোপের ক্লাবে খেলতে চায়। সেখানে যদি ট্রায়ালে টিকে যায় তাহলে আগামী মৌসুমে বেলজিয়ামেই খেলবে। আর যদি সুযোগ না পায় তাহলে শেখ জামালেই খেলবে। আমি আপাতত তাকে তিন দিনের ছুটি দিয়েছি। তবে এটা নিশ্চিত, ও কলকাতায় যাচ্ছে না।’