বেলজিয়ামকে হারাল ইংল্যান্ড
ইউরোর প্রস্তুতিপর্ব শেষ ইংল্যান্ডের। এখন কেবল মূল লড়াইয়ের অপেক্ষা। ওয়েম্বলিতে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কাগজে-কলমে প্রস্তুতিটা ভালোই হলো লায়নসদের। তার পরও এই জয় মন ভরাতে পারেনি ইংলিশ সমর্থকদের। ইউরো শুরু হওয়ার আগে ইংল্যান্ডের খেলায় অন্তত সাফল্যের লক্ষণ খুঁজে পায়নি কেউ।রয় হজসন দায়িত্ব নেওয়ার পর কালই প্রথম দেশের মাটিতে খেলতে নেমেছিল ইংল্যান্ড। নিজ মাঠে প্রথম লড়াইয়ে জয় পেয়ে হজসন খুশি হলেও দলে বয়স্ক খেলোয়াড়দের আধিক্য সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সমর্থকদের। কালকের ম্যাচে ইংল্যান্ড জয় পেলেও জয়টা ছিল ভাগ্য-প্রসূত। কারণ বেশির ভাগ সময়েই বলের দখল ছিল বেলজিয়ানদের কাছে।নরওয়ের বিপক্ষে যে দলটি নিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল ইংল্যান্ড, সেখান থেকে সাতটি পরিবর্তন আনেন কোচ রয় হজসন। গোলরক্ষক হিসেবে কাল খেলেছেন জো হার্ট। গ্লেন জনসন, গ্যারি ক্যাহিল, জন টেরি ও অ্যাশলে কোল—এই চারজনের সমন্বয়ে গঠিত রক্ষণভাগের পাশাপাশি মধ্যমাঠে খেলেছেন আর্সেনালের মিডফিল্ডার অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন।খেলার প্রথমার্ধ ছিল ঘটনাবিহীন। দুই দলই অতি সতর্ক হয়ে খেলা শুরু করায় এই অর্ধে কেউ গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি। যদিও এই অর্ধে চেম্বাললিনের একটি দূরপাল্লার শট থেকে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বেলজিয়ামও একটি দূরপাল্লার শটে প্রথমার্ধে গোল বঞ্চিত হয়। উইটসেলের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।ওয়েম্বলিতে কাল প্রচুর দর্শকের সমাগম হলেও খেলা দেখে তাদের হতাশই হতে হয়েছে। মাঠে ভালো খেলার অভাব থাকায় বিরক্ত দর্শকেরা আকাশে কাগজের তৈরি বিমান ছুড়ে ও ব্যান্ডের সঙ্গে সঙ্গে গান গেয়ে সময় কাটিয়েছেন।খেলার ১৯ মিনিটের সময় গোলরক্ষক জো হার্টের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মাঠ ছাড়েন গ্যারি ক্যাহিল। পরে তাঁকে হাসপাতালে পাঠাতে হয় এক্স-রে করার জন্য। ১১ জুন ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে ক্যাহিল মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এরই মধ্যে সংশয় দেখা দিয়েছে ইংলিশ শিবিরে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ড ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়। ৩৬ মিনিটের সময় ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন ওয়েলবেক। অ্যাশলে ইয়ংয়ের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বেলজিয়ান গোলরক্ষক সাইমন মিগনলেটকে পরাভূত করেন তিনি।দ্বিতীয়ার্ধে খেলার ধরন মোটামুটি একই ছিল। নিজেদের ঘর গুছিয়ে ইংলিশদের আক্রমণে যাওয়ার ব্যাপারটি খেলাটি গতিময় করতে দেয়নি। প্রস্তুতি ম্যাচের এই ট্যাকটিকস ইউরোয় শক্তিধর দলগুলোর বিপক্ষে কতটা কার্যকর হবে, সেটা কিন্তু আলোচনার বিষয়। ইউরোয় ইংল্যান্ডের এই ট্যাকটিকসের কার্যকর সুযোগ শক্তিশালী দলগুলো নেবে বলেই সবার ধারণা।ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে ইউক্রেন ও পোল্যান্ড যাওয়ার আগে পরপর দুটি জয়, ইংলিশদের কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। তবে তার পরও ইউরোর মঞ্চে তাদের এই গতানুগতিক ফুটবল কতটা কার্যকর হয়ে দেখা দেবে, সেটা সময়ই বলে দেবে। রয়টার্স।