বেলজিয়ামে 'চীনের মহাপ্রাচীর'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তুয়া, গোলপোস্টের সামনে চীনের মহাপ্রাচীর!
কর্তুয়া, গোলপোস্টের সামনে চীনের মহাপ্রাচীর!

দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। প্রথম পর্বে থাকছে বেলজিয়ামের গোলরক্ষক কর্তুয়াকে নিয়ে বিশেষ রচনা—

১৩ সংখ্যাটি নিয়ে রয়েছে নানা কুসংস্কার। ১৩ নাকি অশুভ সংখ্যা। বিভিন্ন দেশে তো বাসে-বিমানে ১৩ নম্বর সিটই থাকে না। কোনো কোনো হোটেলে থাকে না ১৩ নম্বর কক্ষ, এমনকি ১৩ তলাও! তবে এই ‘অশুভ’র মধ্যেই ‘শুভ’কে খুঁজে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের ১৩ নম্বর জার্সিটি হয়তো সোনার ফ্রেমে বাঁধাই করে রাখতে চাইবেন ক্লাবের কর্মকর্তারা। ১৩ নম্বর খেলোয়াড় কর্তুয়ার হাত ধরেই যে একের পর এক সাফল্যের ভেলায় ভাসছে অ্যাটলেটিকো মাদ্রিদ!

দুনিয়াজুড়েই ফুটবল মানে গোলের খেলা। যাঁরা গোল করেন, তাঁদের কথাই যেন মানুষ বেশি মনে রাখে। নিঃসন্দেহে দুই ডিয়েগোর কৃতিত্বই বেশি করে চোখে পড়ছে সবার। মাঠে ডিয়েগো কস্তা আর মাঠের বাইরে ডিয়েগো সিমিওনে। কিন্তু অনেকের চোখেই অ্যাটলেটিকোকে লিগ আর চ্যাম্পিয়নস লিগ শিরোপার দোরগোড়ায় নিয়ে যাওয়ার আসল কারিগর এই গোলরক্ষকই।

এবারের লা লিগায় ৩৫ ম্যাচে প্রায় নিশ্চিত ৬৪টি গোল বাঁচিয়েছেন, গোল খাননি ২০টি ম্যাচে। শুধু কি তা-ই? চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পর হোসে মরিনহো মন্তব্য করেছিলেন, চেলসির খেলোয়াড়ের কাছেই হারল চেলসি। কারণ? কর্তুয়া যে চেলসিরই খেলোয়াড়, ধারে খেলছেন অ্যাটলেটিকোতে। আর সেই চেলসির বিপক্ষেই গুরুত্বপূর্ণ দুটো সেভ ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়।
আনসাং হিরো! পুরো না থিবু কর্তুয়া। ১৯৯২ সালের ১১ মে, অর্থাত্ আজকেরই দিনেই বেলজিয়ামে জন্ম। প্রতিভাবানদের প্রতিভা বিচ্ছুরিত হতে বোধ হয় দেরি হয় না মোটেও। খুব অল্প বয়সেই জানা গিয়েছিল কর্তুয়ার ফুটবল প্রতিভার কথা। মজার ব্যাপার হচ্ছে তাঁর ফুটবলের হাতেখড়ি কিন্তু লেফটব্যাক হিসেবে! ‘বিলজেন’-এর হয়ে মাত্র ছয় বছর বয়সেই ফুটবল ক্যারিয়ার শুরু। ১৯৯৯ সালে সুযোগ পান বেলজিয়াম ক্লাব ‘গেংক’-এ। অবিশ্বাস্য দ্রুততায় উত্থান।
২০১০-১১ সালের বেলজিয়ান লিগ জেতে গেংক। কর্তুয়া জেতেন সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়ের পুরস্কার। বড় ক্লাবগুলোর নজরে চলে এলেন। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন চেলসির সঙ্গে। কিন্তু চেলসির ১ নম্বর গোলরক্ষক যে পিওতর চেক। আর তাই তাঁকে ধারে খেলতে পাঠিয়ে দেওয়া হলো অ্যাটলেটিকোতে।
প্রথম মৌসুমেই অ্যাটলেটিকোকে ইউরোপা লিগ জেতাতে বড় ভূমিকা ছিল কর্তুয়ার। ১৫ ম্যাচে করেছেন ৬১টি সেভ! ফাইনালেও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হয়ে ছিলেন অতন্দ্রপ্রহরী। পরের মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে জেতে অ্যাটলেটিকো। জানান দেয় নিজেদের পুনরুত্থানের। ওই বছর লিগের সেরা গোলরক্ষকও হয়েছেন কর্তুয়া।
খুব বেশি হেরফের না হলে এবারও বর্ষসেরা গোলরক্ষক হতে চলেছেন এই ঢিড়িঙ্গি, তালপাতার সেপাইটিই। শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়নস লিগেও সেরা গোলরক্ষক হওয়ার দাবিদার তিনি। ১১ ম্যাচে সেভ করেছেন ২৯টি! এর কয়েকটি তাঁর মূল ক্লাব চেলসির বিপক্ষেই!
অ্যাটলেটিকো-চেলসি সেমিফাইনালের আগে হয়ে গিয়েছিল একপশলা নাটক। দ্বিপক্ষীয় চুক্তির কারণে সেমিফাইনালে কর্তুয়া খেলতে পারবেন কি না, তা নিয়েই ছিল যত গুঞ্জন। জানা গিয়েছিল, চুক্তির শর্ত অনুযায়ী চেলসির বিপক্ষে কর্তুয়াকে কোনো ম্যাচে খেলাতে হলে বিপুল অঙ্কের টাকা গুনতে হতো অ্যাটলেটিকোকে। সেই অঙ্কটার পরিমাণ ৩০ লাখ থেকে এক কোটি ইউরো পর্যন্ত লেখা হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এত টাকা দেওয়ার সাধ্য ছিল না গরিব ক্লাব অ্যাটলেটিকোর। পরে উয়েফার হস্তক্ষেপে সেই চুক্তির শর্ত ‘অকার্যকর ও অপ্রয়োগযোগ্য’ বলেই বিবেচিত হয়েছে। আর কর্তুয়াও আনুগত্য ও বিশ্বস্ততার প্রতি শ্রদ্ধা রেখে চেলসিকে রুখে দিয়েছেন।
দেশের হয়েও উজ্জ্বল এই বেলজিয়ান। ২০১১ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেক। দেশের হয়ে ১৫ ম্যাচ খেলা এই তারকা বিশ্বকাপের বাছাই পর্বে খেলেছেন প্রতিটি ম্যাচেই। এবারের বেলজিয়ান দলটাতেও রয়েছে প্রতিভার ছড়াছড়ি। তবে এঁদের মধ্যে থেকে আলাদা করে নজর কাড়বেন কর্তুয়াই। ‘ডার্ক হর্স’ বেলজিয়াম কতদূর যাবে, সেটা অনেকটাই নির্ভর করছে তাঁর বিশ্বস্ত হাতজোড়ার ওপর।
ওহ, বলাই তো হয়নি, এরই মধ্যে বিশ্বসেরা গোলরক্ষকদের একজন হয়ে ওঠা কর্তুয়ার বয়স কিন্তু মাত্র ২১!