বেলজিয়ামের রক্ষণ-দুশ্চিন্তা

ফুটবলারদের কাছে চোট হলো এক মূর্তিমান আততায়ী। স্বপ্নভুকও বটে। বিনা নোটিশে চোট এসে অনেক ফুটবলারের বিশ্বকাপ-স্বপ্ন শেষ করে দিয়েছে আগেই। যেমন, কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও, জার্মানির মার্কো রয়েস। বিশ্বকাপের মধ্যেও অনেকের স্বপ্ন খুন করছে চোট। তৃতীয় ম্যাচে এসে আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোকে যেমন আত্মসমর্পণ করতে হলো চোটের কাছে। চোটের মিছিলে নতুন নাম বেলজিয়াম দলের অ্যান্টনি ভ্যানডেন বোরা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালি ভেঙে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন এই ডিফেন্ডার। বেলজিয়াম কোচ মার্ক উইলমটস নিজেই নিশ্চিত করেছেন এটি, ‘বিশ্বকাপে বোরার আর খেলা হচ্ছে না। তবে ও দলের সঙ্গেই থাকবে।’
ব্রাজিল বিশ্বকাপের ‘কালো ঘোড়া’খ্যাত বেলজিয়াম দলে কোচের প্রথম পছন্দ ছিলেন না বোরা। আগামী পরশু যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে উইলমটস উদ্বিগ্ন এখন অন্য তিন ডিফেন্ডারকে নিয়ে। অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির কুঁচকিতে চোট, বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনই করেননি। রাশিয়ার সঙ্গে গ্রুপ ম্যাচে ঊরুতে চোট পেয়েছেন রাইটব্যাক টমাস ভারম্যালেন। কুঁচকির চোটে আক্রান্ত লরাঁ সিমানকে ইনজেকশন পর্যন্ত নিতে হয়েছে। তবে উইলমটস আশাবাদী যে রক্ষণের তিন স্তম্ভকে ফিরে পাবেন, ‘তিনজনকেই ফিরে পাওয়ার প্রত্যাশা করছি। ম্যাচের আগের দিন সোমবার অবস্থা বোঝা যাবে।’ এএফপি।