বেলা শেষের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই টেন্ডুলকারকে কি কেউ আগে কখনো দেখেছে?না, টানা তিন ইনিংসে বোল্ড হওয়ার কথা বলা হচ্ছে না। টেস্ট ক্যারিয়ারে এর আগেও দুবার হ্যাটট্রিক-বোল্ডের শিকার হয়েছেন। ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড তো কতবারই হলেন! বয়সের কারণে রিফ্লেক্স কমে যাওয়ার গুঞ্জনও প্রথম নয়। গত কয়েক বছরে ব্যাট হাতে কিছুটা খারাপ সময় এলেই এই ফিসফাস শোনা গেছে। ভারতের সর্বাধিক প্রচারিত দৈনিক ছয় বছর আগেই করেছিল বিখ্যাত সেই শিরোনাম: ‘এন্ডুলকার!’ টেন্ডুলকারের ‘এন্ড’ তো হয়ইনি, বরং তাঁর ব্যাটে ‘এন্ড’ হয়েছে অনেক বোলারের ক্যারিয়ার। কিন্তু বেঙ্গালুরু টেস্টের শেষ দিনে যা দেখা গেল, বিরল দৃশ্য তো বটেই, আগে কখনো দেখা গেছে কি না সন্দেহ! আউট হওয়ার পর রাগে-দুঃখে-হতাশায় ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে উদ্যত হয়েছিলেন শচীন টেন্ডুলকার!মুহূর্তেই অবশ্য নিজেকে সামলেছেন। ব্যাটটাকে থামিয়েছেন মাঝপথেই। তবে এত ক্যামেরার চোখ কি আর ফাঁকি দেওয়া যায়! চলমান বিতর্কে বাড়তি আলোচনার রসদ জুগিয়েছে ওই ঘটনা। বয়সটা কি তবে এবার সত্যি পেয়ে বসল টেন্ডুলকারকে? ক্রমাগত ব্যর্থতায় কি মুহূর্তের জন্য হারিয়ে ফেলেছিলেন নিজেকে! হতাশার এমন বহিঃপ্রকাশ তো আগে কখনো দেখা যায়নি! ২৩ বছর ধরে শত কোটি মানুষের প্রত্যাশা বয়ে বেড়ানো কাঁধ দুটো কি তবে এবার নুয়ে পড়তে শুরু করেছে?টানা তিন ইনিংসে বোল্ড হওয়ায় নয়, প্রশ্নগুলো উঠছে আসলে বোল্ড হওয়ার ধরনে। তিনবারই জায়গায় দাঁড়িয়ে খেলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড। কিউই বোলাররা সিরিজের শুরু থেকেই টানা ফুল লেংথে বল করে গেছেন তাঁকে। অফ স্টাম্পের বলে ড্রাইভ খেলেছেন ভালোভাবেই। লেগ-মিডলের বলেই সমস্যা। তিনবারই বোল্ড হয়েছেন মিডল স্টাম্প থেকে একটু ভেতরে ঢোকা বলে। তরুণ কোনো ব্যাটসম্যান হলে হয়তো টেকনিক কিংবা মনোসংযোগ নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু টেন্ডুলকার বলেই বয়স আর রিফ্লেক্স কমে যাওয়ার প্রসঙ্গ উঠছে। ৩৯ বছর বয়সটাই নাকি পা টেনে ধরেছে, বলের লাইনে তাই পা যায়নি!এমন নয় যে, টেন্ডুলকারকে নিয়ে এমন প্রশ্ন এই প্রথম উঠছে। কিন্তু এবার শুধু আমজনতা বা বিদেশি সংবাদমাধ্যম-ধারাভাষ্যকারেরা নয়, শোরগোলটা বেশি ভারতেই। যেখানে তিনি অধিষ্ঠিত দেবতার মর্যাদায়, যেখানে তাঁকে নিয়ে নেতিবাচক কিছু বলা অনেকটা পাপের পর্যায়ে পড়ে, সেখানেই এখন তাঁকে নিয়ে বড় প্রশ্ন। প্রথম পাতায় টেন্ডুলকারের তিন বোল্ডের ছবি দিয়ে টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম, ‘ব্যাটিং জিনিয়াসের সমস্যাটা কোথায়?’ ব্যানার হেডলাইন দিয়ে মেইল টুডে লিখেছে, ‘শচীনের পথের শেষ?’ রক্ষণশীল দ্য হিন্দু পর্যন্ত প্রশ্ন তুলেছে, বয়স টেন্ডুলকারকে পেয়ে বসেছে কি না। হিন্দুস্তান টাইমস-এর অনলাইন জরিপে ৫৬ শতাংশের মত, টেন্ডুলকারের অবসর নেওয়া উচিত।বিতর্কের পালে জোর হাওয়া লেগেছে আসলে সুনীল গাভাস্কারের মন্তব্যে। সেই বিস্ময়বালক হিসেবে আবির্ভূত হওয়ার দিনগুলো থেকে টেন্ডুলকারের গুরু, রক্ষাকবচ, অনুরাগী—সবই মনে করা হয় গাভাস্কারকে। কিন্তু গাভাস্কারও যেন এবার বাস্তবতার পদধ্বনি শুনতে পেয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বোল্ড হওয়ার পর ধারাভাষ্যে বলেই ফেললেন, ‘বয়স বেড়ে গেলে পা বলের পিচ পর্যন্ত যায় না, চোখ বলটা একটু আগেভাগেই দেখতে পায় না।’ আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও একমত, ‘এটা স্পষ্ট যে, ওর রিফ্লেক্স ধীরগতির হয়ে গেছে।’তবে সবার কণ্ঠে কিন্তু প্রশ্ন নেই। সৌরভ গাঙ্গুলী যেমন এখনো টেন্ডুলকারের শেষ দেখছেন না, ‘আমি সত্যি বিশ্বাস করি, এখনো ওর যাওয়ার সময় হয়নি। ও খেলাটার একজন কিংবদন্তি, নিজের খেলা নিয়ে যার অনেক গর্ব। আর কেউ ওর খেলা সম্পর্কে ওর চেয়ে ভালো জানে না। ওর সামর্থ্য কমে যায়নি, স্রেফ উইকেটে যথেষ্ট সময় কাটাতে পারেনি। শট নির্বাচনে সমস্যা হচ্ছে, কারণ গত কয়েক মাসে ও খুব বেশি ম্যাচ খেলেনি।’সৌরভের যুক্তি কিন্তু গ্রহণযোগ্যই। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিন মাস মাঠে ছিলেন না টেন্ডুলকার। আইপিএলের পর দীর্ঘ বিরতি, ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে গেলেও তিনি যাননি। ম্যাচ অনুশীলনের অভাবটা থাকতেই পারে। শুধু সাবেক অধিনায়ক নন, টেন্ডুলকারের ওপর অগাধ বিশ্বাস বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও, ‘একটা ভালো ব্যাপার হলো, যখনই লোকে এসব প্রশ্ন তোলে, ও জবাব দেয় অসাধারণ কোনো পারফরম্যান্সে। আমি সেটার জন্যই অপেক্ষা করছি, চিন্তার কিছু দেখছি না।’ধোনির কথাটাও সত্যি। টেন্ডুলকার আগেও প্রমাণ করেছেন, চ্যাম্পিয়নদের নিয়ে শেষ কথা বলে কিছু নেই। সাধারণ ভাবনায় বাঁধা যায় না বলেই তো তাঁরা চ্যাম্পিয়ন! টেন্ডুলকার কি আরেকবার পারবেন চ্যাম্পিয়নের মতো ফিরতে? নাকি বয়সের কাছে হার মানতেই হবে এবার! উত্তরের জন্য অপেক্ষা করতে হচ্ছে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত। এর আগে যে আর মাঠেই নামছেন না টেন্ডুলকার। এএফপি, ওয়েবসাইট।২৫২৫ টেস্ট ইনিংসে সেঞ্চুরির দেখা নেই২৭সর্বশেষ ৭ টেস্ট ইনিংসে সর্বোচ্চ রান ২৭১০১০ বছর পর টানা তিন ইনিংসে বোল্ড