বেলা ১১টায় চা-বিরতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে কিছু কিছু ব্যাপার এমনিতেই বেশ মজার। এই যেমন মনে করুন ‘লাঞ্চ ব্রেক।’ টেস্ট ম্যাচ বা প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন সময় মধ্যাহ্নবিরতি হয়, আদতে অনেকে সেই সময় সকালের নাশতাও করেন না। তার পরও বছরের পর বছর, যুগের পর যুগ এটাই হয়ে আসছে। এটাই ক্রিকেটের ঐতিহ্য। তবে বাংলাদেশের গরমে এবার এমন অবস্থা যে সেই ঐতিহ্যেও আঁচড় লাগল। সকালের নাশতার সময় হয়ে গেল বিকেলের চা। বাংলাদেশ ক্রিকেট লিগের এক ম্যাচে কাল ‘চা-বিরতি’ হয়েছে বেলা ১১টায়!

কাল হয়েছে মানে আজও হওয়ার কথা। বাকি দুই দিনেও। আলোচিত ম্যাচটি হচ্ছে বিকেএসপির চার নম্বর মাঠে, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ সেখানে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ১১টায় মধ্যাহ্নবিরতি হওয়ার কথা থাকলেও হলো চা-বিরতি। অফিশিয়াল স্কোরকার্ডের নিচে ব্যাখ্যা, ‘বর্তমান আবহাওয়াকে বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি ম্যাচ সেশনের সূচি রদবদল করেছে।’ ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ হাঁটলেন নিরাপদ ব্যাখ্যার পথে, ‘আমাকে যে মেমো দেওয়া হয়েছে আমি সেটাই অনুসরণ করছি। আমি যতটুকু জানি, আবহাওয়ার কারণেই এটা করা হয়েছে। টুর্নামেন্ট কমিটি হয়তো ব্যাখ্যা দিতে পারবে।’

টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানালেন, ‘হয়তো এটা আম্পায়ার্স কমিটির সিদ্ধান্ত।’ আম্পায়ার্স কমিটির ম্যানেজার শরীফ মাহমুদের কথায় আবহাওয়ার কারণের ব্যাখ্যা মিলল, ‘আসলে ম্যাচ শুরুর সময় সাড়ে নয়টা থেকে এগিয়ে নয়টা করা হয়েছে। সে অনুযায়ী ১১টায় লাঞ্চ হওয়ার কথা। কিন্তু এই গরমে ওই সময় লম্বা বিরতির চেয়ে দুপুর বেলায় লম্বা বিরতিটা ক্রিকেটারদের জন্য বেশি উপযোগী। এসব ভেবেই সেশন একটু রদবদল করা হয়েছে।’

আরেকটু খোঁজখবর নিয়ে বিশদ জানা গেল। প্রচণ্ড গরমের কথা ভেবেই দুপুরের সেশনটি লম্বা রাখা হয়েছে যাতে ক্রিকেটাররা শাওয়ার নিয়ে শেষ সেশনে একটু তরতাজা হয়ে নামতে পারেন। যুক্তি আছে বটে, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে এমন কিছুর নজির আর আছে বলে মনে হয় না। মজার ব্যাপার, ঠিক পাশের মাঠেই বিসিএলের আরেক ম্যাচে কিন্তু সেশন রদবদল হয়নি। সেখানে লাঞ্চের সময় লাঞ্চ, চায়ের সময় চা!