বেলে বিদ্ধ ভ্যালাদোলিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক গোলের পর গ্যারেথ বেলের সেই ‘স্বত্ব নিবন্ধিত’ উদ্যাপন রয়টার্স
হ্যাটট্রিক গোলের পর গ্যারেথ বেলের সেই ‘স্বত্ব নিবন্ধিত’ উদ্যাপন রয়টার্স

পাশে বান্ধবী ইরিনা শায়াখ। সাদা শার্টের ওপর কালো স্যুট চাপানো ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গেল টেলিভিশনের পর্দায়। নিরুদ্বেগ এবং নির্ভার।
অজস্র গোল করে এই মৌসুমে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলা থাকলে অন্য দলগুলো হয়তো প্রতিপক্ষ হিসেবে শুধুই রোনালদোকে ভাবে। সেই রোনালদো যখন চোটের কারণে কোনো ম্যাচে খেলতে পারেন না, তাঁর নিজেরও কি একটু দুশ্চিন্তা হতে পারে না? অথচ টেলিভিশনে যখন দেখাল, রোনালদো বসে বসে অলস ভঙ্গিতে হাই তুলছেন!
আসলে দুশ্চিন্তার কারণও ছিল না। রোনালদোর অনুপস্থিতি বুঝতে না দেওয়ার দায়িত্ব যে একজন দারুণভাবে পালন করছিলেন মাঠে। গ্যারেথ বেল। রোনালদোহীন রিয়ালের সঙ্গে খেলা ভেবে ম্যাচের শুরুতে যদি রিয়াল ভ্যালাদোলিদ খুশি হয়ে থাকে, সেটা পরে উধাও করে দিয়েছেন বেল। নিজেই করলেন তিনটি গোল, করিম বেনজেমাকে দিয়ে করালেন আরও একটি। আর রিয়ালের হয়ে ওয়েলস উইঙ্গারের প্রথম হ্যাটট্রিকের ধরনটাও দারুণ। প্রথমটি হেডে, পরেরটা ডান পায়ে আর শেষেরটা বাঁ পায়ে। দুই পায়ে দুটি আর হেডে এক গোলের এমন হ্যাটট্রিক নেই এমনকি লিওনেল মেসিরও! অথচ প্রায় একাই ভ্যালাদোলিদকে চার গোলে উড়িয়ে দেওয়ার পর বেলের কথা শুনুন, ‘আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আর তৃতীয় গোলটা তো মার্সেলোর অবদান, কী দারুণ বল বানিয়ে দিয়েছে।’ বার্নাব্যুতে বেলের রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ কষ্টে জিতেছে এলচের সঙ্গে। নিজে একটি গোল করে আরেকটিতে অবদান রেখেছেন অ্যাটলেটিকো স্ট্রাইকার ডিয়েগো কস্তা।
রিয়ালের ম্যাচে আপ্লুত সমর্থকদের অনেকে টুইট করেছেন, ‘রোনালদো চোটে থাকলেও সমস্যা নেই। আমাদের আছে বেল।’ তবে যাঁকে ঘিরে এত উচ্ছ্বাস সেই বেল কিন্তু এখনো নিজেকে রোনালদোর স্থান পূরণের যোগ্য মনে করেন না, ‘ওর (রোনালদো) না থাকাটা আমাদের জন্য বিশাল ধাক্কা। আমার কাছে সে-ই বিশ্বসেরা ফুটবলার। শুধু রিয়ালের হয়ে নয়, পর্তুগালের হয়েও সে ভীষণ চাপের মধ্যে নিজেকে প্রমাণ করেছে।’
দলবদল নিয়ে টানাহেঁচড়ায় প্রাক-মৌসুম প্রস্তুতিটা ঠিকমতো হয়নি। তার ওপর চোটের কারণে মাঝে কিছুদিন দল থেকে ছিটকে গিয়ে রিয়াল-সমর্থকদের কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন। তবে কি এক শ মিলিয়ন ইউরো খরচ করে বেলকে কেনা ভুল হয়েছে! মাস খানেক আগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে দুটি গোল করে আরও দুটি গোল করিয়ে বেল প্রথম আভাস দিয়েছিলেন—তাঁকে নিয়ে আফসোসের কিছু নেই। পরশুর হ্যাটট্রিকের পর অবশ্য আফসোস দূরে থাক বেলকে নিয়ে মুগ্ধ তাঁর কোচ কার্লো আনচেলত্তিও, ‘আমার মনে হয় এত দিনে রিয়ালের সঙ্গে তার অভিযোজন পর্বটা শেষ হয়েছে। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর সে খেলছেও দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে।’ এএফপি।
রিয়ালের হয়ে এভাবে দিন দিন যত আলো ছড়াবেন বেল, দেড় হাজার কিলোমিটার দূর থেকে ততই আফসোসটা বাড়বে টটেনহামের। লন্ডন থেকে মাদ্রিদে যাওয়ার পর এরই মধ্যে ৯ গোল করেছেন বেল। ওদিকে পুরো টটেনহাম দল মিলে যে গতকালের আগ পর্যন্ত চলতি ইংলিশ লিগে গোল করেছে মাত্র নয়টি!
 রিয়ালের হয়ে ১৩তম ম্যাচে প্রথম হ্যাটট্রিক পেলেন বেল। রোনালদো প্রথম হ্যাটট্রিক করেছিলেন ৬২তম ম্যাচে
 লা লিগায় গ্যারি লিনেকারের (১৯৮৭, বার্সেলোনা) পর হ্যাটট্রিক করা দ্বিতীয় ব্রিটিশ খেলোয়াড় বেল