বেলের দাম ১০ কোটি ইউরো!
ত্রিমুখী লড়াইয়ে গ্যারেথ বেলের দলবদল-নাটক দারুণ জমজমাট। টাকার অঙ্কটা ক্রমেই বাড়িয়ে রিয়াল মাদ্রিদ তো চাপটা অব্যাহত রেখেছেই। টটেনহামকে তার চেয়েও বড় চাপে রেখেছেন বেল নিজে। রিয়ালের নতুন লোভনীয় প্রস্তাবটি কিছুতেই হাতছাড়া করতে রাজি নন। তাই রিয়ালের প্রস্তাবে রাজি হয়ে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য ক্লাবকে চাপ দিচ্ছেন বেল। রিয়ালের নতুন প্রস্তাবটা নাকি ৮ কোটি পাউন্ড বা ১০ কোটি ইউরোর! গণমাধ্যমে গুঞ্জন সে রকমই। গার্ডিয়ান এবং ইএসপিএনের প্রতিবেদন তবু বলছে ১০ কোটি ইউরো। সান-এর দাবি প্রস্তাবটা ১১ কোটি ইউরোরও বেশি! এর মধ্যে ৫ কোটি ৯০ লাখ ইউরো নগদ। সঙ্গে দুই কোটি ৯০ লাখ ইউরো মূল্যের অ্যাঙ্গেল ডি মারিয়া ও দুই কোটি ২০ লাখ ইউরো মূল্যের ফ্যাবিও কোয়েন্ত্রাওকে দেওয়া হবে। মানে, বেল=৫ কোটি ৯০ লাখ ইউরো+অ্যাঙ্গেল ডি মারিয়া+ফ্যাবিও কোয়েন্ত্রাও! এটা হলে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে বেলই হবেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই রিয়ালই রোনালদোকে নিয়ে আসে ৮ কোটি ইউরো দিয়ে। মজার ব্যাপার, রিয়ালের এই প্রস্তাবেও নাকি সাড়া দেয়নি টটেনহাম। চেয়ারম্যান ড্যানিয়েল লেভি তাঁর আগের অবস্থানেই অটল—বেলকে বিক্রি করা হবে না। কিন্তু বেল সুযোগটা হাতছাড়া করতে রাজি নন। একে তো রিয়ালের প্রতি তাঁর মুগ্ধতার শেষ নেই। তার ওপর সুযোগ পাবেন চ্যাম্পিয়নস লিগে খেলারও। ২৪ বছর বয়সী ওয়েলস উইঙ্গার তাই ক্লাবকে চাপ দিচ্ছেন ছেড়ে দেওয়ার জন্য। প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়ে টটেনহাম এখন এশিয়ায়। কিন্তু গতকালই দলকে হংকংয়ে রেখে লন্ডনে ফিরে যাওয়ার কথা বেলের। এমনিতে চোটের কথা বলা হলেও আসল কারণ নাকি দলবদল নিয়ে আলোচনা করা।এদিকে লুইস সুয়ারেজের জন্য নতুন করে আর কোনো প্রস্তাব করবে না আর্সেনাল। তবে সুয়ারেজকে পাওয়ার আশাও ছাড়ছে না আর্সেনাল, তারা হাঁটবে ‘ধীরে চলো’ নীতিতে। লিভারপুলের বিতর্কিত স্ট্রাইকারকে পেতে দুবার প্রস্তাব দিয়েছে আর্সেনাল। শেষ প্রস্তাবটা ছিল ৪ কোটি ১ পাউন্ডের। কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছে লিভারপুল। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলছেন, ‘আমরা দ্রুতই চুক্তিটা সেরে ফেলতে তৈরি। কিন্তু শুধুই আমাদের ওপরই দলবদল নির্ভর করছে না। তবে আমরা অপেক্ষা করতে প্রস্তুত।’ ওয়েবসাইট।