বেলের দামে অবাক জিদান
এক হাজার কোটি টাকা! দলবদলে এবার গ্যারেথ বেল নামের খেলোয়াড়টির মূল্য এটাই। ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে টটেনহাম থেকে বেলকে রিয়ালে নিয়ে আসায় অনেকের চোখই কপালে। কেউ আবার প্রশ্ন তুলেছেন, ওয়েলসের ফুটবলারটি এই পরিমাণ অর্থের যোগ্য কি না! রিয়ালের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে, ২৪ বছর বয়সী এই উইঙ্গার তাঁর প্রাপ্য মূল্যই পেয়েছেন।
সাবেক রিয়াল ও ফরাসি গ্রেট জিনেদিন জিদানের মত অবশ্য ভিন্ন। এই মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের সহকারী কোচের দায়িত্ব পালন করা জিদানের মতে, বেলের মূল্যটা একটু বেশিই ধরা হয়ে গেছে। রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে বেলকে কেনা ঠিক হয়েছে কি না, একটি টেলিভিশন অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে নিজের প্রসঙ্গটাও টেনে আনেন ফ্রান্সের সাবেক এই তারকা প্লেমেকার, ‘প্রশ্নটা করা দরকার ঠিক এক বছর পর। ১০ বছর আগে আমাকে যখন রিয়াল ৭৫ মিলিয়ন ইউরোয় কিনেছিল, তখন আমি বারবারই বলেছি, এই অর্থের যোগ্য আমি নই। সত্যি কথা বলতে, স্পেনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো খেলোয়াড়ই এত অর্থ পেতে পারেন না। তবে এখানে বলা উচিত, দুটি ক্লাব দর-কষাকষির মাধ্যমে খেলোয়াড় কিনে থাকে। এখানে কেউ কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না।’
২০০০ সাল থেকে ট্রান্সফারের সর্বশেষ পাঁচটি রেকর্ডই রিয়ালের সৌজন্যে। তিন কোটি ৭০ লাখ পাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে লুইস ফিগোকে দলে নিয়েছিল রিয়াল। ওই ট্রান্সফার নিয়ে বহু আলোচনা-সমালোচনা হয়। পরের বছরই ফিগোর সেই রেকর্ড ভেঙে জুভেন্টাস থেকে রিয়াল কেনে জিদানকে। এরপর কাকা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতে আরও দুবার রেকর্ড ভাঙে রিয়াল। এবারও যে খেলোয়াড় কেনায় নতুন রেকর্ড হতে যাচ্ছে, সেটা স্পষ্ট হয় কয়েক মাস আগেই। সেই গুঞ্জনই সত্যি হয় গত সপ্তাহে। এক হাজার কোটি টাকা খরচ করে খেলোয়াড় কেনায় যতটা চোখ কপালে ওঠার কথা ছিল, সেটা অবশ্য হয়নি। টাকা খরচকে ডাল-ভাতে পরিণত করা রিয়াল মাদ্রিদ বলেই হয়তো ব্যাপারটি সবার গা-সহা হয়ে গেছে। সূত্র: পিটিআই।