বেলের দুই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু অনুশীলনে রিয়াল মাদ্রিদের ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেল  রয়টার্স
পরশু অনুশীলনে রিয়াল মাদ্রিদের ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেল রয়টার্স

গ্যারেথ বেলের কাছে কিন্তু বেশি কিছু চান না মাদ্রিদ সমর্থকেরা। মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স, আর সব সময় সান্তিয়াগো বার্নাব্যু এবং এর মানুষগুলোকে নিজের মনে করা। ব্যস, আর কী চাই!
বেলও বোধ হয় এরই মধ্যে বুঝে গেছেন চাওয়াটা। ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল করেছেন। আবার যখনই সুযোগ পাচ্ছেন, সান্তিয়াগো বার্নাব্যুর রথী-মহারথীদের জন্য প্রশংসায় হচ্ছেন পঞ্চমুখও। সপ্তাহ দুয়েক হলো মাত্র মাদ্রিদে এসেছেন, এরই মধ্যে ভক্তদের মন জয় করার সব কৌশলই জানা হয়ে গেছে রিয়াল উইঙ্গারের।
সবচেয়ে বেশি প্রশংসা অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। দামের দিক দিয়ে পর্তুগিজ উইঙ্গারকে পেছনে ফেলেছেন সত্যি, কিন্তু পারফরম্যান্সে যে তিনি নিজেই এখনো অনেক পেছনে, সেটা ভালোই জানা বেলের। নিজের সঙ্গে তুলনার তো প্রশ্নই আসে না, রোনালদোকে এগিয়ে রাখতে চান বাকি সবার চেয়েও, ‘সবারই নিজস্ব মতামত আছে, তবে আমার কাছে রোনালদোই বিশ্বসেরা। ও সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি ওর সঙ্গে অনুশীলন করছি, খেলছি এবং সেরা একজনের কাছ থেকেই শিখছি।’ শুধু রোনালদো নয়, শেখা এবং উন্নতি করার জন্য বেল খুঁজে পেয়েছেন রিয়ালের সহকারী কোচ ও কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের মতো আরও এক শিক্ষক, ‘উন্নতি করার একমাত্র পথ হচ্ছে একজন ভালো কোচ আর ভালো টেকনিক্যাল টিম থাকা। জিদানের মতো একজনের সঙ্গে কাজ করলে আপনি অবশ্যই একজন ভালো ফুটবলার হয়ে উঠবেন।’
রোনালদো-জিদানের মতো তারকাদের কাছ থেকে শেখার সুযোগ আর সঙ্গে রিয়াল মাদ্রিদের দীর্ঘ ঐতিহ্য—সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়াটা তাই তাঁর কাছে স্বপ্নপূরণের মতো, ‘আমার প্রতিনিধি বলেছিল, রিয়াল আগ্রহী এবং এই গ্রীষ্মেই আমাকে চায়। সত্যি বলছি, আমার মুখে এর চেয়ে বড় হাসি আর কখনো দেখেনি কেউ। ওই মুহূর্ত থেকে আমি প্রার্থনা করেছি, যেন এটা সত্যি হয়। এটা বিশ্বের সবচেয়ে বড় এবং সেরা ক্লাব। এটাই সব সময় আমার স্বপ্ন ছিল।’ এএফপি।