বেলের পর মঞ্চে রুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসে প্রথম সেঞ্চুরি, তাও আবার অ্যাশেজে। ইংল্যান্ড ওপেনার জো রুট ভেসে গেলেন উচ্ছ্বাসে, এএফপি
লর্ডসে প্রথম সেঞ্চুরি, তাও আবার অ্যাশেজে। ইংল্যান্ড ওপেনার জো রুট ভেসে গেলেন উচ্ছ্বাসে, এএফপি

ইংলিশ ব্যাটিংয়ের ভবিষ্যৎ মনে করা হচ্ছে তাঁকে কিছুদিন ধরেই। পরিণত ব্যাটিংয়ে প্রায়ই বুঝিয়ে দেন শুধু ভবিষ্যৎ নন, বর্তমানও। তাঁর ডিফেন্স, পুল বা কাভার ড্রাইভ মনে করিয়ে দেয় মাইকেল ভনকে। সবই ঠিক ছিল। তবু খানিকটা চাপে ছিলেন জো রুট। ওপেনিংয়ে এসে জায়গা পাকা করার চাপ। ইয়র্কশায়ারের হয়ে ওপেনিংয়ে খেলেই তাঁর নজরকাড়া, ইংল্যান্ড দলে আসা। তবে জাতীয় দলে ঠাঁই মিলেছিল মিডল-অর্ডারে, ওপেনিংয়ে তখন অ্যালিস্টার কুকের সঙ্গী নিক কম্পটন। তাঁর প্রয়োজন ছিল কেবল একটি মঞ্চ, পছন্দের জায়গায় না হলেও আলো ছড়ালেন মিডল-অর্ডারেই। পুরস্কার হিসেবে অ্যাশেজে তুলে আনা হলো ওপেনিংয়ে। অ্যাশেজ-পূর্ব প্রস্তুতি ম্যাচগুলোয় দুর্দান্ত পারফর্ম করেছেন কম্পটন। ভবিষ্যতের কথা ভেবে তবু তিরিশ পেরোনো কম্পটনের জায়গাটা দেওয়া হলো ২২ বছরের রুটকে। ঝুঁকি খানিকটা ছিল, তবে ছিল রুটের প্রতিভায় আস্থাও। সেই আস্থার জবাব কী দারুণভাবেই না দিলেন ইংলিশ ক্রিকেটের ‘গোল্ডেন বয়’! ট্রেন্ট ব্রিজে ৩০ ও ৫ রানের পর এই টেস্টের প্রথম ইনিংসে ৬। আরেকটি ইনিংস ব্যর্থ হলে হয়তো তাঁর ওপেনার সত্তা নিয়ে প্রশ্ন উঠে যেত। প্রশ্নটাকে উঠতেই দিলেন না। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ও লর্ডসে প্রথম—উদ্যাপনটা হলো দেখার মতো। ম্যাচের পরিস্থিতি, আবহ, টেকনিক, টেম্পারামেন্ট—সবকিছু মিলিয়ে এই ইনিংসটা আসলে রুটের প্রতিভা ও সামর্থ্যের আরেকটি প্রমাণ। অ্যাশটন অ্যাগারকে কাভার ড্রাইভে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন ২৪৭ বলে। দিন শেষে রুট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির অপেক্ষায়, উইকেটে আছেন ১৭৮ রানে। সঙ্গী জনি বেয়ারস্টোর রান ১১। ইংল্যান্ড করেছে ৫ উইকেটে ৩৩৩, লিড ৫৬৬ রানের। দুই দিনে ২৫ উইকেটের পতন, দ্বিতীয় দিন শেষ বিকেলে আচমকাই ইংল্যান্ডের তিন উইকেট হারানো—সবকিছুর পর কাল ইংলিশদের প্রয়োজন ছিল স্থিতধী একটি সকাল। ম্যাচের লাগামটা হাতেই ছিল, প্রয়োজন ছিল স্রেফ শক্ত করে ধরা। রুট ও নাইটওয়াচম্যান টিম ব্রেসনান মিলে করেছেন তাই। স্টিভেন ফিনের জায়গায় ব্রেসনানকে একাদশে আনায় বোলিংয়ের পাশাপাশি বিবেচনায় নেওয়া হয়েছিল ব্যাটিংটাকেও। সেটার যৌক্তিকতা প্রমাণ করলেন ব্রেসনান।আগের দিন আউট হয়েছিলেন দিনের প্রথম বলেই, কাল পুরো প্রথম সেশন কাটিয়ে দিলেন ব্রেসনান। আরেক পাশে তো রুট ছিলেনই আস্থার প্রতিমূর্তি। লাঞ্চের পর ব্রেসনানকে ফিরিয়ে ৯৯ রানের জুটিটি ভাঙেন জেমস প্যাটিনসন। এরপর প্রথম ইনিংসের নায়ক ইয়ান বেলের সঙ্গে ১৫৩ রানের জুটি। অবশ্য ৩ রানে হ্যারিসের বলে বেল গালিতে ক্যাচ দিয়েছিলেন স্মিথকে। নিচু হওয়া বলটা স্মিথ হাতে জমালেও আউট দেননি তৃতীয় আম্পায়ার টনি হিল। যদিও টিভি রিপ্লে দেখে ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ সবারই মনে হয়েছে আউটই ছিলেন বেল। সঞ্জয় মাঞ্জরেকার তো টুইট করলেন, ‘তৃতীয় আম্পায়ারদের টিভি ক্যামেরার অ্যাঙ্গেলগুলো সম্পর্কে আরও ভালো করে প্রশিক্ষণ দেওয়া উচিত।’ সেই বেল করেছেন ৭৪ রান। তবে এই বিতর্ককে ঢাল বানানোর উপায় নেই অস্ট্রেলিয়ার। অপেক্ষা কেবল ইংল্যান্ডের ইনিংস ঘোষণার, অপেক্ষা হয়তো আরেকটি বড় হারের! তথ্যসূত্র: স্টার ক্রিকেট।