বেলের মূল্যে জিদানও বিস্মিত

গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদ যে দামে কিনেছে, তাতে বিস্মিত অনেকেই। কেউ কেউ তো বলছেন বেলের মতো একজন খেলোয়াড়কে ১০০ মিলিয়ন ইউরোয় কেনা স্রেফ ‘পাগলামি’। কেউ বলেছেন, এটা টাকার অপচয় ছাড়া কিছু নয়।
টটেনহামের ২৪ বছর বয়সী ওয়েলশ উইঙ্গারকে এত টাকা দিয়ে কেনার ব্যাপারে একমত নন রিয়ালের ঘরের একজনও। তিনি জিনেদিন জিদান। রিয়ালের সহকারী কোচ বললেন, তিনি ভাবতেই পারেননি বেলকে পেতে রিয়াল এত টাকা ঢালবে, ‘বেলের মূল্যটা আসলেই অস্বাভাবিক বা অচিন্তনীয়।’ আর বেল কেন, ফরাসি কিংবদন্তির দৃষ্টিতে বিশ্বের কোনো ফুটবলারের মূল্যই ১০০ মিলিয়ন ইউরো নয়।
২০০১ সালে এই রিয়াল মাদ্রিদই জুভেন্টাস থেকে জিদানকে কিনে এনেছিল তখনকার ট্রান্সফার ফির রেকর্ড গড়ে। গত পরশু ফ্রান্সের ক্যানাল প্লাস টেলিভিশনের এক অনুষ্ঠানে জিদান শুরুটা করেছেন নিজেকে দিয়েই, ‘১০ বছর আগে (আসলে ১২ বছর) তারা আমাকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। আমি তখনই বলেছিলাম, আমি এই মূল্যমানের খেলোয়াড় নই। আজ বলছি একজন খেলোয়াড় ওই মূল্যমানের হতে পারে না। দুই ক্লাব মূল্য নির্ধারণে একমত হয়েছে এবং কেউ কাউকে কোনো কিছু করতে চাপ দেয়নি। এটাই ফুটবল। দুর্ভাগ্যবশত ফুটবলে আজ এত বেশি দামে খেলোয়াড় কেনাবেচা হচ্ছে, যা সত্যিই বোধগম্য নয়।’ এএফপি।
তবে বেলের সামর্থ্য নিয়ে সংশয় নেই জিদানের, ‘সে অবিশ্বাস্য রকমের সম্ভাবনাময়। কিন্তু তার আরও উন্নতি করার আছে।’ আনচেলত্তির দলে নিয়মিত হওয়ার জন্য বেলকে নিয়মিত পরামর্শও দিয়ে যাবেন রিয়ালের সহকারী কোচ।