বেলের মৌসুম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষের আগেই শেষ হয়ে গেল গ্যারেথ বেলের মৌসুম। গোড়ালির চোটের কারণে এ মৌসুমেই আর খেলতে পারবেন না টটেনহামের এই উইঙ্গার। গত শনিবার ব্ল্যাকপুলের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পান তিনি। সোমবার স্ক্যান করানোর পর জানা যায়, গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।আবার কবে মাঠে ফিরতে পারবেন, এখনো তা নিশ্চিত নয়। তবে বেল আশা করছেন, আগামী মৌসুমের আগেই সুস্থ হয়ে উঠবেন। কাল রাতে ম্যানসিটির সঙ্গে ম্যাচে দর্শক হয়ে থেকেছেন বেল। দর্শক হয়ে থাকবেন টটেনহামের বাকি দুটি ম্যাচেও। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে হ্যাটট্রিকসহ মৌসুমে ১১ গোল করে হইচই ফেলে দেওয়া বেলের অভাব খুব অনুভব করছে স্পারস। চ্যাম্পিয়নস লিগে জায়গা ধরে রাখাটা যে এখনো নিশ্চিত নয় তাদের। বেলের ক্যারিয়ারেও বড় একটা ধাক্কা হয়ে এল এই চোট। বড় বড় অনেক ক্লাবই তাঁর ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছিল। এএফপি।