বেলের রিয়ালকে হারাল নেইমারের বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে গোল করার পর বার্সেলোনার নেইমারের উদযাপন। ছবি: রয়টার্স
রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে গোল করার পর বার্সেলোনার নেইমারের উদযাপন। ছবি: রয়টার্স

রোনালদো বনাম মেসি থেকে বেল বনাম নেইমার। প্রার্থিত দ্বৈরথটা এখন রূপ বদলেছে এভাবেই। আর সেই দ্বৈরথে নেইমার বুঝিয়ে দিলেন, বাজারদরে তিনি বেলের অর্ধেক হতে পারেন, তবে প্রতিভার দ্যুতিতে দ্বিগুণেরও বেশি উজ্জ্বল। এল ক্লাসিকোতে নিজের অভিষেকটা যেখানে গোল করে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলের এই বিস্ময়-প্রতিভা, সেখানে তাঁকে কিনতে রিয়াল মাদ্রিদ ঠিক কেন এক হাজার কোটি টাকা গুনল, সেই প্রশ্নবোধক চিহ্নটাকে আরও বড় আকার দিয়ে ৬০ মিনিটে হেঁট মাথায় ডাগআউটে গিয়ে বসলেন বেল। নেইমারের বার্সেলোনাও লা লিগায় হারিয়ে দিল বেলের রিয়ালকে। ২-১ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও বাড়াল শীর্ষে থাকা বার্সা। ১০ ম্যাচে বার্সার পয়েন্ট ২৮, রিয়ালের ২২।
১৯ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার বাড়িয়ে দেওয়া পাস ধরে বক্সের বাঁ প্রান্ত থেকে স্টেপওভার করে বিপজ্জনক ভঙ্গীতে ঢুকে পড়া নেইমারের নিখুঁত শট রিয়াল রক্ষণ ভাগের দেয়ালে হালকা ধাক্কা খেয়ে দিক বদলে ঢুকে গিয়েছিল জালে। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফল বলছে কাজের কাজ করেছেন আসলে অ্যালেক্সিস সানচেজ। তাঁকেও ঠিক কী বুঝে গুচ্ছের টাকা খরচ করে উদিনেসে থেকে বার্সা কিনে এনেছিল, এ নিয়ে ওঠা প্রশ্নবোধক চিহ্নটা এই মৌসুমে ধীরে ধীরে মুছে ফেলতে শুরু করা সানচেজ এই ম্যাচের ‘সুপার সাব’। ৭০ মিনিটে বদলি হিসেবে নামার আট মিনিটের মাথায় ডিফেন্স চেরা থ্রু পাস ধরে বক্সের সামান্য বাইরে  থেকে চিপ করে ‘মেসি-সুলভ’ গোল করে বার্সাকে চিন্তামুক্ত করেছেন।

এই গোলটি না হলে বার্সা যে আসলেই দুশ্চিন্তায় পুড়তে থাকত সেটা বোঝা গেছে যোগ করা সময়ের প্রথম মিনিটেই জেসির গোলে স্কোরটাকে রিয়াল ২-১ করে ফেলায়। ধরনটা দুর্দান্ত ছিল বলে এই ম্যাচের দিকে ফিরে তাকাতে গিয়ে সানচেজের গোলটার কথাই মনে পড়ছে বেশি করে। তবে ম্যাচের আসল নায়ক নেইমারই। কারণ মাঝ মাঠের সামান্য ওপর থেকে সানচেজের দিকে বাড়িয়ে দেওয়া দুর্দান্ত থ্রু পাসটা তাঁরই দেওয়া। একটি গোল করে অন্যটি করাতে অবদান রেখে এল ক্লাসিকো অভিষেক সত্যিই স্মরণীয় করে রাখলেন নেইমার। ৫৪ মিনিটে তাঁর দুর্দান্ত ভলিটি ডিয়েগো লোপেজ না ঠেকিয়ে দিলে ম্যাচটা নেইমারের একারই হয়ে যেত।

আট বছর আগে এমন এক এল ক্লাসিকো অভিষেক হ্যাটট্রিক দিয়ে স্মরণীয় করে রাখা লিওনেল মেসি এ রাতে গোলের দেখা পাননি। তুলনামূলক নিষপ্রভও ছিলেন। কয়েকটি মেসি-মুহূর্ত এলেও সেগুলো ঠিক মেসিসুলভ ছিল না। বরং নেইমারের গোলের দুই মিনিটের মাথায় স্কোরটাকে ২-০ করার সহজ সুযোগ নষ্ট করেছেন মেসি। রিয়াল গোল রক্ষককে ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে পেয়েও বল মেরেছেন বাঁ পোস্টের বাইরে দিয়ে।

রোনালদোও হয়ে ছিলেন নিজের ছায়া। অবশ্য সেই ছায়া থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা বেশ কয়েকবার করেছেন। ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে তাঁর ক্রসটা আরেকটু হলে জালে জড়িয়ে দিয়েছিলেন সামি খেদিরা। দুর্দান্ত সেভ করে ম্যাচে রিয়ালের সত্যিকারের প্রথম প্রচেষ্টাটি রুখে দিয়েছেন মৌসুমের শুরু থেকেই অবিশ্বাস্য খেলতে থাকা ভিক্টর ভালদেস। ৫৮ মিনিটেও রোনালদোর ডান পায়ের একটি শট ঠেকিয়েছেন ভালদেস। পর মুহূর্তেই কর্নার থেকে বল ক্লিয়ার হয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে বক্সের বাইরে থেকে নেওয়া অ্যাঙ্গেল ডি মারিয়ার আগুন শটও ঠেকিয়েছেন।

৮৬ মিনিটে বার্সার ত্রাতা হয়ে এসেছেন আরেকবার। এই ম্যাচের নায়কের কৃতিত্ব তাই দিতে হবে ভালদেসকেও, বিশেষ করে বার্সা যখন জিতেছে ন্যুনতম ব্যবধানে। রিয়ালের আফসোস বেড়ে যাচ্ছে বদলি হিসেবে নামা করিম বেনজেমার একটি শট বারে লেগে ফিরে আসায়।

গত কয়েকটি এল ক্লাসিকোর তুলনায় এবারের দ্বৈরথটি তুলনামূলক পরিচ্ছন্নই ছিল বলা যায়। অন্তত হাতাহাতি পর্যন্ত গড়ায়নি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনিয়েস্তাকে ফাউল করা নিয়ে পরিস্থিতির উনুনে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছিল। তবে আগুন জ্বেলে ওঠার আগেই জল ঢেলেছেন রেফারি। অবশ্য সাতটি হলুদ কার্ডও বলছে একটা ছাইচাপা আগুন কিন্তু ঠিকই ছিল। এই সাত কার্ডের পাঁচটিই রিয়ালের খেলোয়াড়েরা দেখেছেন। এর মধ্যে আছেন বেল আর রোনালদোও!

এই ম্যাচ ছিল ডাগ-আউটের দুই ‘নাটের গুরু’র অভিষেকও। কার্লো আনচেলত্তির পাল্টা আক্রমণের রণকৌশলকে বানচাল করে পাঁচ ম্যাচ বিরতির পর আবার এল ক্লাসিকোতে বার্সার মুখে জয়ের হাসি ফিরিয়ে জেরার্ডো মার্টিনো বুঝিয়ে দিলেন, ঠিক ঘোড়ার ওপরই জুয়া খেলেছে বার্সার নীতি-নির্ধারকেরা। সবচেয়ে বড় কথা, মেসিকে ছাড়াও বার্সাকে জেতাতে শিখিয়ে দিয়েছেন ‘টাটা’!