বেলের রোনালদো-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো  ফাইল ছবি
গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো ফাইল ছবি

একজন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। আরেকজন বর্তমানের দুই বিশ্বসেরার একজন। তো একই ক্লাবে পাশাপাশি খেলা গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই? এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে বেল বরং মেতে উঠলেন রোনালদোর প্রশংসায়। বললেন, রোনালদোর সঙ্গে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি নন, রোনালদোই রিয়ালের আসল ‘নেতা’। রোনালদোকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ দাবি করে বেল এটাও বললেন, ফিফা-ব্যালন ডি’অরটা এবার রোনালদোরই প্রাপ্য।

রোনালদো-স্তুতিতে রিয়ালের ফুটবল পরিচালক মিগুয়েল পারদেজা বেলের চেয়েও এক ধাপ এগিয়ে বললেন, ফুটবল ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দেবেন রোনালদো। একই ক্লাবে খেলছেন বলেই নয়, আগে থেকেই রোনালদোয় মুগ্ধ বেল। রোনালদো তাঁর আদর্শ। কিন্তু ভাগ্য তাঁকে সেই রোনালদোর সঙ্গেই জুটি বেঁধে খেলার সুযোগ করে দিয়েছে।

প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা তাই উড়িয়েই দিলেন বেল, ‘কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একে অন্যের সঙ্গে আমাদের বোঝাপড়াটা ভালো। মাঠ ও মাঠের বাইরে সে আমাকে অনেক সাহায্য করে। আমি এখানে আসার পর সে আমাকে বাজে কিছু বলেনি। বরং প্রতিটি ম্যাচেই আমাকে উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়ে যাচ্ছে। এমনকি সে এখানে তাঁর প্রথম অভিজ্ঞতার কথাও আমাকে বলেছে এবং তারা সত্যিই আমাকে সাহায্য করছে। সত্যিই সে অসাধারণ।’ বেলের রোনালদো-স্তুতি এখানেই শেষ নয়। ইএ স্পোর্টস ফিফা ১৪ ফর এক্সবক্স ওয়ান ও প্লে-স্টেশন ফোর-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেল আরও যোগ করলেন, ‘আমার মতে সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মনে হয় না কেউ তার কাছাকাছি আছে। পুরস্কারটা (ব্যালন ডি’অর) তার প্রাপ্য। যেভাবে গোল করছে এবং তার যে পারফরম্যান্স, বিশেষ করে যখন সে চাপের মধ্যে থাকে, যেমন পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, সে দেখিয়ে দিয়েছে সত্য কী। সে সত্যিই বিশ্বমানের খেলোয়াড়।’

রোনালদো আসলেই উড়ছেন। তবে এর মধ্যে একটা বিপত্তিও ঘটে গেছে। গত শনিবার আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন। যদিও রোনালদো নিজেই বলেছেন, এটা গুরুতর কিছু নয়। রিয়ালের ফুটবল পরিচালকও আশাবাদী, চোটটা গুরুতর হবে না, ‘রোনালদো অসাধারণ খেলোয়াড়। যাকে আমাদের দরকার মাঠে, মাঠের বাইরে নয়। সে এমন এক খেলোয়াড়, যে ফুটবলের ইতিহাসটাই ঘুরিয়ে দিতে পারে। আমরা কৃতজ্ঞ, সে আমাদের সঙ্গে আছে।’ ওয়েবসাইট।