অবশেষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামছেন ক্রিস গেইল—এই সংবাদ জেনে টেলিভিশনের সামনে বসে নিশ্চিতভাবেই একটা হোঁচট খেতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের একাদশে গেইলের নাম নেই! না, অন্যকিছু নয়, গেইলের মাঠে নামায় কাল বাদ সাধে পায়ের চোট। গেইল না থাকলেও কাল প্রথম ওয়ানডেতে নায়ক দীর্ঘদিন পর দলে ফেরা একজনই, ইয়ান বেল। ডানহাতি ব্যাটসম্যান সর্বশেষ ওয়ানডেটি খেলেছিলেন ২০১১ সালের ২৫ অক্টোবর, ভারতের বিপক্ষে। আট মাস পর দলে ফিরে প্রথম ম্যাচেই ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে এনে দিলেন জয়। অথচ আগের দিন অনুশীলনে গেইলের মতো চোট পেয়েছিলেন বেলও। চিবুকে বল লাগায় ১০টা সেলাই পর্যন্ত দিতে হয়েছে! চোট নিয়েই নামেন মাঠে। তাও অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে ওপেনিংয়ে। কুক প্রথম ওভারেই আউট, শূন্য রানে। আরও ভারী হওয়া দায়িত্বটা বেল পালন করেছেন দারুণভাবে। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (৪২) সঙ্গে গড়েন ১০৮ রানের জুটি। ৪০তম ওভারে আউট হয়েছেন ১১৭ বলে ১২৬ রান করে। প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি করেছিলেন প্রায় পাঁচ বছর আগে, এই রোজ বোলেই ভারতের বিপক্ষে।সেবার ইংল্যান্ড জিতেছিল ১০৪ রানে। কালকের জয়টি আরও বড়, বৃষ্টি আইনে ১১৪ রানে। ২৮৯ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ২৩ ওভারে ৫ উইকেটে ১২৭ করার পর নামে বৃষ্টি। পুনরায় খেলা শুরু হলে উইন্ডিজের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৮৭। সফরকারীরা ১৭২ রানেই অলআউট। ওপেনার ডুয়াইন স্মিথ (৪৪ বলে ৫৬) ছাড়া কেউ তেমন সুবিধা করতে পারেননি। ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেওয়ার নায়ক ব্রেসনান। তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেল ইংল্যান্ড। ওয়েবসাইট।