বেলের হাতে দুই পুরস্কার
টটেনহাম কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের মতে, মেসি ও রোনালদোর পরে তিনিই সেরা। এটা নিয়ে তর্ক থাকতে পারে। তবে এটা তর্কাতীত, স্বপ্নের মতো একটা মৌসুমই কাটাচ্ছেন গ্যারেথ বেল। এরই স্বীকৃতি হয়ে এল প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গত পরশু লন্ডনে ২৩ বছর বয়সী টটেমহাম উইঙ্গার হাতে নিয়েছেন দুটি পুরস্কার। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ও তিনিই। এর আগে একই বছরে এই দুটি পুরস্কার জিতেছেন মাত্র দুজন—১৯৭৭ সালে অ্যান্ডি গ্রে ও ২০০৭ সালে ক্রিস্টিয়ানো রোনালদো। দুই বছর আগেও পিএফএর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন বেল। দ্বিতীয়বার জিতে তিনি ঢুকে গেলেন আরেকটি অভিজাত ক্লাবে। এর আগে দুবার এই পুরস্কার পেয়েছেন মাত্র চারজন—ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, অ্যালান শিয়ারার ও মার্ক হিউজ। বেলের বর্ষসেরা হওয়া নিয়ে প্রশ্ন নেই। কিন্তু দুই বছর আগেই বর্ষসেরা বিবেচিত হওয়া খেলোয়াড় কীভাবে এবার সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পান, এটি একটা প্রশ্ন বটে। সেরা তরুণ খেলোয়াড় বিবেচিত হওয়ার বয়সসীমা ২৩ বছর। সেই বিবেচনায় বেল পুরস্কার পেতেই পারেন। কিন্তু মজাটা হলো, ২০১১ সালে যেবার বর্ষসেরা বিবেচিত হয়েছিলেন, সেবার আবার সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পাননি। অথচ এটা তো খুবই সাধারণ হিসাব, ২৩ বছরের কম বয়সী কেউ সব মিলিয়েই বর্ষসেরা হলে তাঁরই তো সেরা তরুণ খেলোয়াড় হওয়ার কথা।টটেনহামের হয়ে এ মৌসুমে ১৯ করেছেন গোল। যার কয়েকটি অনায়াসেই ঢুকে যাবে বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকাতেও। তবে বেলের প্রতিদ্বন্দ্বীরাও ফেলনা ছিলেন না। ফন পার্সি, সুয়ারেজ, হ্যাজার্ড, ক্যারিক, মাতাদের পেছনে ফেলে বেলের গলায় উঠেছে বরমাল্য।বিচারক ছিলেন প্রিমিয়ার লিগের সব ফুটবলারই। এ ব্যাপারটাই যেন আপ্লুত করছে বেলকে, ‘সহ-খেলোয়াড়দের ভোটে এটা জেতা বিরাট একটা ব্যাপার। তালিকার দিকে তাকালেই দেখবেন, আরও অনেক বড় বড় নাম আছে সেখানে। তারাও অবিশ্বাস্য খেলেছে। কিন্তু আমি দলকে ছাড়া এটা করতে পারতাম না। তারা এই বছর দুর্দান্ত করছে। ম্যানেজারও (ভিলাস-বোয়াস) তা-ই।’ এএফপি, ওয়েবসাইট।