বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাই: এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চান জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে কাঠমান্ডু থেকে দেশে ফিরে তিনি বলেছেন, বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো বিকল্প নেই। শক্তিশালী বিদেশি দলগুলোর সঙ্গে খেলতে পারলেই কেবল ফুটবলের উন্নয়ন সম্ভব।নেপালে স্বাগতিক দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টির হামলায় বাংলাদেশ মাঠে নামতে পেরেছে কেবল একটিতে। একটি ম্যাচ কম খেলার খচখচানি মনের মধ্যে থাকলেও সার্বিকভাবে এই সফরে সন্তুষ্ট এমিলি। সন্তুষ্ট, একমাত্র ম্যাচটিতে ভালো খেলার কারণেও। প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপচারিতায় এমিলি বলেন, ‘ওই ম্যাচটাতে আমরা জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্য তা হতে দেয়নি। তার পরও এই ম্যাচে প্রমাণিত হয়েছে নেপালের চেয়ে আমরা ভালো দল।’এমিলি বলেন, ‘নেপালের ফুটবলাররা খেলার মধ্যেই থাকেন। সে তুলনায় আমাদের প্রস্তুতি অনেক কম।’ তিনি বলেন, ‘এই ম্যাচের আগে নেপাল নেহরু কাপে খেলে এসেছে। আর আমরা কাঠমান্ডু গিয়েছি কয়েক দিনের প্রস্তুতি পুঁজি করে। যদি খেলার মধ্যে থাকতাম, তাহলে ফল অবশ্যই ভালো হতো।’কাঠমান্ডু খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ফুটবলারদের মনে ছিল ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হারের দুঃসহ স্মৃতি। ওই ম্যাচে ১৯৯৩ সালের পর নেপাল প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়েছিল। দেশ ছাড়ার আগে যেন জোর গলায় নেপালের বিপক্ষে জেতার কথা বলারও সাহস হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। এ প্রসঙ্গে এমিলি বলেন, ‘নেপাল কখনোই আমাদের চেয়ে ভালো দল নয়। হেড টু হেড রেকর্ড দেখলে সবার কাছে এ ব্যাপারটি স্পষ্ট হবে। তবে প্রস্তুতির একটা ব্যাপার থেকেই যায়। নেপালি ফুটবলাররা এ মুহূর্তে খেলার মধ্যে আছে। আমাদেরও সে সুযোগ করে দিতে হবে।’ এমিলি বলেন, ‘নেপালের মতো দলের সঙ্গে নয়, আমাদের উচিত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা এসব দেশের চেয়েও শক্তিশালী দলের সঙ্গে বেশি করে ম্যাচ খেলা। এসব দলের মান দক্ষিণ এশীয় পর্যায়ের চেয়ে অনেক ওপরে। এসব দলের সঙ্গে খেললে সাফ বা এজাতীয় আঞ্চলিক প্রতিযোগিতায় ভালো করা বাংলাদেশের জন্য কোনো সমস্যাই না।’ তিনি বলেন, ‘জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আমাদের আশ্বস্ত করেছেন যে এখন থেকে বাংলাদেশ দেশে-বিদেশের মাটিতে বেশি বেশি করে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে।’ নেপালের বিপক্ষে দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারীর এক স্ট্রাইকার নিয়ে খেলার কৌশলে দারুণ উচ্ছ্বসিত জাতীয় দলের এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে যত ম্যাচ খেলেছি, তার মধ্যে টিটো ভাইয়ের (সাইফুল বারী) এই কৌশল আমার কাছে সেরা মনে হয়েছে।’যে দল এক বছর আগে লেবাননের মতো দলকে ২-০ গোলে হারিয়েছিল, সে দল কেন এখন নেপালের সঙ্গে জিততে পারে না—এমন প্রশ্নের জবাবে এমিলির সঙ্গী হলো হতাশা। তিনি বলেন, ‘আসলে বিরতিগুলোই আমাদের পিছিয়ে দেয়। আমরা কখনোই টানা খেলার মধ্যে থাকি না। এ ব্যাপারে পরিবর্তন আসাটা খুব জরুরি।’