বেশি গোল করতে না পারাটাই সমস্যা: দেল বস্ক
দুর্দান্ত ছন্দময় খেলা খেলছে দল। প্রতিটি খেলোয়াড়ই রয়েছেন দারুণ ছন্দে। একে একে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে বধ করে বিশ্বকাপের প্রথম শিরোপারও দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দল। কিন্তু গোলের সামনে গিয়েই দলের খেলোয়াড়েরা কেন যেন গুলিয়ে ফেলছেন সবকিছু। খেলায় নিরঙ্কুশ প্রাধান্য থাকলেও গোলের ব্যবধানে সেটার প্রতিফলন ঘটছে না—কোচ ভিসেন্তে দেল বস্কের মতে স্প্যানিশ দলের দুর্বলতা বলতে এতটুকুই। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই আছেন গম্ভীর চেহারার সৌম্যদর্শন এই কোচ।আগামী রোববার জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে হল্যান্ডের মুখোমুখি হচ্ছে ‘লা রোজা’ স্পেন দল। অথচ বিশ্বকাপের শুরুটা একদমই ভালো ছিল না তাদের। সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হেরে বসেছিল স্পেন। সেই ম্যাচে পরাজয়ের জন্য স্প্যানিশ স্ট্রাইকারদের গোল করতে পারার ব্যর্থতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী ম্যাচগুলোতে ডেভিড ভিয়ার কল্যাণে স্পেন জয়ের ধারায় ফিরলেও জয়গুলোকে কোনোমতেই নিরঙ্কুশ ভাবতে পারছেন না স্পেনের সমর্থকেরা। হন্ডুরাসের বিপক্ষে কমপক্ষে এক ডজন নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে স্পেন জেতে ২-১ গোলে। এর পরের ম্যাচগুলোতেও স্পেনের জয়গুলো এসেছে এক গোলের ব্যবধানে।ভিসেন্তে দেল বস্ক বলেছেন, ‘গোলের সামনে গিয়ে গুলিয়ে ফেলা আমাদের একটি বিরাট সমস্যা। গোলের সামনে গিয়ে মাথা ঠান্ডা রাখাটাই কিন্তু ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’তার পরও দল জয় পাচ্ছে দেখে কিছুটা স্বস্তিই প্রকাশ করেছেন বস্ক। তিনি বলেছেন, ‘বড় ব্যবধানে জিততে না পারলেও দলটি যে একটি ইউনিট হিসেবে খেলছে, তাতে আমি সন্তুষ্ট।’ফার্নান্দো তোরেস গোল না পাওয়ায় যথেষ্টই ভুগছে স্প্যানিশ দল। ডেভিড ভিয়ার পাশাপাশি তোরেস যদি গোল পেতেন তাহলে স্পেনের ফলাফল আরও ভালো হতো বলে মনে করেন অনেকেই। হাঁটুর ইনজুরি থেকে সদ্য ফেরা তোরেস অবশ্য সেমিফাইনালে প্রথম একাদশে ছিলেন না। তাঁর বদলে সে দিন ভিয়ার পাশাপাশি আক্রমণ সামলেছেন পেদ্রো। তবে দেল বস্ক ইঙ্গিত দিয়েছেন ফাইনালে প্রথম একাদশে তোরেসের ফেরার সম্ভাবনা রয়েছে। তবে সেমিফাইনালে পেদ্রোর খেলায় বেজায় খুশি দেল বস্ক। তিনি মনে করেন, পেদ্রো সেমিফাইনালে জার্মান অধিনায়ক ফিলিপ লামকে তটস্থ রাখতে পেরেছেন বলেই স্পেন জার্মানির ওপর কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পেরেছিল।ফাইনালের একাদশ সম্পর্কে দেল বস্ক বলেন, ‘পুরো বিশ্বকাপে আমরা খুব একটা পরিবর্তন আনিনি দলে। ফাইনালেও তারাই খেলবে, যাদের গত ছয়টি ম্যাচে আপনারা খেলতে দেখেছেন।’