বেশি বেশি টেস্ট খেলতে চাই: মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ উন্নতি করেছে—এ কথা মেনে নেবেন সবাই। কিন্তু উন্নতির ধারাটা বজায় রাখতে যে টেস্ট সিরিজটা বেশি বেশি খেলাটা খুব জরুরি, এই জায়গাটিতেই কেন যেন বারবার পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বছরে দুটির বেশি সিরিজ নেই। দেশের বাইরে টেস্ট খেলার ব্যাপারটা তো দুর্লভ এক বস্তুতে পরিণত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে অপেক্ষায় থাকতে হবে সেই জানুয়ারি মাসের। এবার বিসিবির কল্যাণে জিম্বাবুয়ের বিপক্ষে একটা অতিরিক্ত সিরিজ খেলার সুযোগ হলেও আইসিসির বিখ্যাত এফটিপিতে বাংলাদেশের টেস্ট খেলার বিষয়টি কেন যেন খুবই অবহেলিত।
গত পাঁচ বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র ২৭টি। এর মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলেছে ২০১২ সালে, দুটি। সবচেয়ে বেশি খেলেছে ২০১০ সালে সাতটি। এ ছাড়াও ২০০৮ সালে চারটি, ২০০৯ সালে তিনটি এবং ২০১১ সালে পাঁচটি টেস্ট খেলা বাংলাদেশ এ বছরই খেলেছে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি টেস্ট। যেখানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দল এক সিরিজেই চার-পাঁচটি টেস্ট খেলে, সেখানে বাংলাদেশের চিত্রটা তো এক নিরন্তর অবহেলারই।
ব্যাপারটা মানসিক যন্ত্রণা দেয় বাংলাদেশের ক্রিকেটারদেরও। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে যন্ত্রণাটি মুখে প্রকাশ করেও দিলেন মুশফিক। পুরো ব্যাপারটিই বেরিয়ে এল হাহাকার হয়ে, ‘আরও বেশি টেস্ট খেলার সুযোগ চাই আমরা।’
টেস্টে উন্নতির ব্যাপারটা ধরে রাখতে বেশি বেশি টেস্ট খেলার বিকল্প নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের টেস্ট সিরিজে পরপর দুটো টেস্ট ধারাবাহিকভাবে ভালো খেলাটা যে একটা বড় অর্জন, মুশফিক জানিয়েছেন সেটাও।
ধারাবাহিকতার এই ব্যাপারটিও ধরে রাখতে চান মুশফিক। বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও তাঁর আগের চেয়ে অনেক বেশি পরিণত মনে হচ্ছে। প্রত্যাশার সুরে বললেও নিজেদের ইতিবাচক দিকগুলো সামনে আরও প্রসারিত করতে আরও বেশি টেস্ট খেলার বিষয়টি দাবির মতো করেই বলে দিলেন তিনি।
মুশফিকের মতে, এই সিরিজে প্রায় প্রতিটি খেলোয়াড়ই ভালো খেলেছেন। ব্যাপারটি যে খুব কঠিন একটা কাজ ছিল, সেটাও জানিয়েছেন তিনি, ‘প্রায় পাঁচ-ছয় মাস পর টেস্ট খেলার সুযোগ পেয়েছি আমরা। সিরিজটির আগে সেভাবে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আমার খেলোয়াড়েরা তার পরও যেভাবে পারফর্ম করেছে, চাপ নিয়েও পারফর্ম করেছে, এটা ভালো লক্ষণ।’
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারটি সবচেয়ে তৃপ্তি দিয়ে যাচ্ছে মুশফিককে, ‘আমাদের দলটা যে পরিণত হচ্ছে সেটা দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা দেখলে বোঝা যায়। আমাদের ব্যাটসম্যানরা কতটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে খেলতে পারে, সেটা এই টেস্টে প্রমাণ হয়ে গেছে।’