বেস্টকে নিয়ে উদ্বিগ্ন উইন্ডিজ
খুলনা টেস্টে তাহলে আর বল করতে পারছেন না টিনো বেস্ট! কাল টেস্টের প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের এমআরআই রিপোর্টই ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য জাগাচ্ছে এই শঙ্কা।ওয়েস্ট ইন্ডিজ দলের একটি সূত্র জানিয়েছে, কাল দিনের খেলা শেষ হওয়ার পরপর খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে এমআরআই করানো হয়েছে ক্যারিবীয় পেসার টিনো বেস্টের। এমআরআই রিপোর্ট অনুযায়ী, খুলনা টেস্ট চলাকালীন তাঁর শারীরিক অবস্থা বল করার মতো অবস্থায় না যাওয়ার আশঙ্কাই বেশি।কাল বোলিংয়ের সময় বারবারই হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছিলেন বেস্ট। দিনের খেলা শেষ হওয়ার এক ঘণ্টা আগেই তাই উঠে যান মাঠ থেকে। তার আগ পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়েছেন বেস্ট, উইকেট পাননি একটিও।মৃদু শঙ্কা আছে বাংলাদেশ দলের অপরাজিত সেঞ্চুরিয়ান আবুল হাসানকে নিয়েও। কাল ব্যাটিংয়ের সময় ফিদেল এডওয়ার্ডসের একটি বলে আঘাত পেয়েছেন বাঁ হাতের তর্জনীতে। দল সূত্রে জানা গেছে, আঘাতটা আঙুলের লিগামেন্টে হলেও সূক্ষ্ম চিড়ের আশঙ্কাও নাকি আছে। আঙুল বেশি ফোলেনি বলে কাল রাত পর্যন্ত আজ তাঁর ব্যাটিং নিয়ে কোনো শঙ্কা ছিল না। তবে সবকিছু নির্ভর করছে সকালের অবস্থার ওপর। ‘যদি ব্যাট ধরতে সমস্যা হয়, কাল (আজ) সে ব্যাটিং নাও করতে পারে’—জানিয়েছে সূত্র।