বেস্টকে নিয়ে ছবি
ম্যারাডোনা গুড, পেলে বেটার, জর্জ বেস্ট। ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসা ব্যানারের এই কথা ফুটবল-পুরাণের অংশ হয়ে গেছে। জর্জ বেস্টকে নিয়ে কত যে রোমাঞ্চকর সব গল্প রয়েছে! সেই গল্পের কিছুটা এবার দেখা যাবে বড় পর্দায়। জর্জ বেস্ট: অল বাই হিমসেলফ প্রামাণ্যচিত্র কাল মুক্তি পেয়েছে লন্ডন চলচ্চিত্র উৎসবে।
ববি চার্লটন ও ডেনিস লর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ‘হলি ট্রিনিট্রি’র একজন ছিলেন বেস্ট। ক্লাব ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য প্রায় সবকিছুই। তবে এই প্রামাণ্যচিত্রে ফুটবলার নন, মানুষ বেস্টই উপজীব্য। রূপকথার মতো কীভাবে খ্যাতির চূড়ায় উঠেছিলেন, আর মাঠের বাইরের উচ্ছৃঙ্খল জীবনের জন্য সেই খ্যাতির প্রায় সবটুকুই কীভাবে হারিয়েছিলেন—সেটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। বেস্ট প্রয়াত হয়েছেন ২০০৫ সালে। তাঁর স্ত্রী, বন্ধু, প্রেমিকাদের সাক্ষাৎকার আছে প্রামাণ্যচিত্রে। পরিচালক ড্যানিয়েল গর্ডন বলেছেন, ‘একটা সময় ফুটবলই ছিল তাঁর ধ্যানজ্ঞান। এরপর তিনি নারী, যশ, আর মদে বুঁদ হয়ে পড়লেন। আর শেষেরটিই তাঁকে মেরে ফেলেছে তিলে তিলে।’ এএফপি।