বেস্টকে ভেবে স্যামির সান্ত্বনা
আবুল হাসানের ব্যাট অনেক বিস্ময়েরই জন্ম দিয়েছে। তবে সবচেয়ে বড় বিস্ময় বোধ হয় এটাই, স্যামির মুখ থেকেও হাসি কেড়ে নেওয়া! সদা হাস্য স্যামির যখন এই অবস্থা, বাকিদের অবস্থাটা সহজেই অনুমেয়। পরশু মাঠ ছাড়ার সময় গোটা ওয়েস্ট ইন্ডিজ দলকেই মনে হয়েছিল যেন বজ্রাহত। শরীরী ভাষা বলে দিচ্ছিল মনোবলের লেশমাত্র অবশিষ্ট নেই। সেই দলটাই কাল ম্যাচে ফিরল দারুণভাবে। দ্রুত শেষ দুটি উইকেট নিয়ে প্রাথমিক লক্ষ্য পূরণ হলো। এরপর ব্যাটিংয়ে বিশাল এক জুটি এনে দিল ম্যাচের নিয়ন্ত্রণ। স্যামি জানালেন, হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর মন্ত্র কী ছিল, ‘আজকের (গতকাল) দিনটা নতুন একটা দিন। ওদের গুটিয়ে দিতে প্রয়োজন শুধু দুটি উইকেট। জানতাম আগের দিনের চেয়ে ভালো বোলিং করলে সুযোগ আসবেই। সেটাই হয়েছে। দ্রুত শেষ দুটি উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে বড় একটা জুটি আমাদের ভালো একটা অবস্থানে এনেছে।’আগের দিনের ভুতুড়ে অভিজ্ঞতা অবশ্য মন থেকে একেবারে যায়নি। হাসানের ব্যাটিং স্যামিকে মনে করিয়ে দিয়েছিল টিনো বেস্টের ইনিংসটার কথা। গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১১ নম্বরে নেমে ৯৫ রান করে রেকর্ড গড়েছিলেন বেস্ট। রামদিনের সঙ্গে ১৪৩ রান তুলেছিলেন শেষ উইকেট জুটিতে! ইংলিশদের সেদিন কতটা অসহায় লেগেছিল, পরশু সেটা অনুভব করতে পেরেছেন। দল ঘুরে দাঁড়িয়েছে। তাই হয়তো সেই অসহায়ত্বের কথা মনে করে কাল হাসতে পারলেন ক্যারিবীয় অধিনায়ক, ‘এবার আমরা ভুক্তভোগী। ৮ উইকেটে ১৯৩ থেকে প্রতিপক্ষ রানটাকে দ্বিগুণ করে ফেলল, এটা দেখতে নিশ্চয়ই ভালো লাগেনি আমাদের! ভাবার চেষ্টা করেছি টিনোর ইনিংসটার সময় ইংলিশদের কেমন লেগেছিল। খুব দ্রুত রান করছিল হাসান। অভিষেকেই এমন উজ্জ্বল, সময়টাই ছিল আসলে ওর। বিধাতার সুদৃষ্টি ওর দিকে ছিল, ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে করে দিল।’হাসানের কীর্তিটা এতটাই অপ্রত্যাশিত, অবিশ্বাস্য, এতটাই পাগলাটে যে হাসছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসনও, ‘এমন নাটকীয় কিছু কখনো দেখিনি। এসব আসলে দেখতে ভালো লাগে, নিজেদের কেউ করলে রোমাঞ্চ জাগে। ভুক্তভোগী হতে কারও ভালো লাগে না। ভুতুড়ে একটা অনুভূতি এটা। তবে সে (হাসান) দারুণ ব্যাট করেছে। দারুণ সব শট খেলেছে। কখনো ভাগ্যকে পাশে পেয়েছে। প্রয়োজনের সময় ডিফেন্সও ভালো করেছে। এ জন্যই আমি টেস্ট ক্রিকেট এতটা পছন্দ করি।’টেস্ট ক্রিকেটের মহিমাটাই ওখানে। ভুল থেকে শেখার সুযোগ থাকে, সুযোগ থাকে শিক্ষা কাজে লাগানোর। ফেরার সুযোগ থাকে সব সময়ই। ওয়েস্ট ইন্ডিজ কাল যেমন ফিরল দারুণ দাপটে। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় কৃতিত্বটাই সম্ভবত ওখানে। হাসান-ঝড়ে হতভম্ব হলেও উড়ে যায়নি। বরং লন্ডভন্ড সংসার দারুণভাবে গুছিয়ে নিয়েছে দ্রুতই।মাঠের ভেতরের পারফরম্যান্স তো দেখাই যাচ্ছে। এই খুলনায় মাঠের বাইরে ক্যারিবিয়ানদের সময় কেমন কাটছে, সেটা নিয়ে কৌতূহলের শেষ নেই। যাদের জীবনদর্শনই হলো উপভোগ করা, তাদের জন্য খুব বেশি কিছু তো নেই এই শহরে। তবে স্যামির কোনো অভিযোগ নেই, ‘যেখানেই যা-ই না কেন, অভিজ্ঞতা সব সময়ই ভিন্ন। বাংলাদেশে আমি সব সময়ই দেখেছি মানুষ খুব বন্ধুত্বপরায়ণ। মাঠে তো মাঝেমধ্যে ওয়েস্ট ইন্ডিজের পতাকাও দেখা যায়। তা ছাড়া আমি এমনিতে খুব বেশি বাইরে যাই-ও না। স্কাইপিতে স্ত্রী ও বাচ্চাদের সঙ্গে কথা বলি, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করি, দেশের খবর দেখি, ফোনে কথা বলি, টুইট করি। নানাভাবে ব্যস্ত রাখি নিজেকে। আশা করি, ম্যাচ শেষে সত্যিকারের বাঘ দেখতে যাব। কখনো সত্যিকারের বাঘ দেখিনি।’বাংলাদেশের ক্রিকেটাররা যদি পারতেন এই শেখ আবু নাসের স্টেডিয়ামেই স্যামিকে ১১টা ‘সত্যিকারের’ বাঘ দেখাতে!