বেহদাদ সালিমি: বিশ্বের শক্তিশালী পুরুষ

তাঁকে বলা হয় ইরানের ‘হারকিউলিস’। সারা বিশ্বে তিনি পরিচিত ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ হিসেবে। ইরানি ভারোত্তোলক বেহদাদ সালিমি এই মুহূর্তে ভারোত্তোলনে সবচেয়ে বেশি ভার তুলে বিশ্ব রেকর্ডের অধিকারী। ২০১১ সালে বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় ২১৪ কেজি তুলে তিনি মাথায় তুলেছিলেন বিশ্ব রেকর্ডের মুকুট। এর এক বছর পরেই (২০১২) লন্ডন অলিম্পিকে তিনি ইরানকে ভাসিয়েছিলেন সোনার পদকের আনন্দে। সেই সালিমি ইনচন এশিয়ান গেমসেও প্রমাণ করে ছেড়েছেন, শক্তিতে তাঁকে চ্যালেঞ্জ করার মতো কেউ এই মুহূর্তে পৃথিবীতে নেই।
এশিয়ান গেমসে তিনি অবশ্য ২০১১ সালে গড়া বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যেতে পারেননি। কিন্তু তিনি যে ওজন তুলেছেন, তাতেই তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছেন রাজকীয় ভঙ্গিতেই। ভারোত্তোলনে সোনা জয় যে এত সহজ, ইনচন এশিয়ান গেমসে সেটাই যেন নতুন করে জানিয়ে দিয়েছেন এই ইরানি ভারোত্তোলক।
এশিয়ান গেমসে সালিমি তুলেছেন ২১০ কেজি ওজন। তাঁর নিজের বিশ্ব রেকর্ড থেকে ৪ কেজি কম। ২১৫ কেজি তুলতে পারলে নিজের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন করে লিখতে পারতেন ইতিহাস। কিন্তু শেষ উত্তোলনে তিনি ব্যর্থ হন ২১৪ কেজি ছাড়িয়ে যেতে। নতুন ইতিহাস আর গড়া হয়নি। তার পরও তিনি জয় করেছেন সোনা। ১০৫ কেজি ও তদূর্ধ্ব বিভাগে তাঁকে চ্যালেঞ্জ করার দুঃসাহসই যে হয়নি কারও!
বিশ্ব রেকর্ড নতুন করে লিখতে না পারায় তাঁর এশিয়াড-সোনা জয়ের আনন্দ যেন কিছুটা ম্রিয়মাণ। হতাশার ব্যাপারটি গোপান রাখেননি সালিমি, ‘আমি নতুন রেকর্ড গড়তে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। লক্ষ্যবিচ্যুত হওয়ায় কিছুটা তো হতাশই তবে, দিনের শেষে দেশকে সোনা উপহার দিতে পারায় দারুণ খুশি।’
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার সালিমির বয়স মাত্র ২৪। তাঁর শরীরের ওজন ১৬৫ কেজি। খুব ছোটবেলা থেকেই ভারোত্তোলনের প্রতি আসক্ত সালিমি এবারের ইনচন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বহন করেছেন দেশের জাতীয় পতাকা। বার্তা সংস্থা এএফপি তাদের একটি প্রতিবেদনে উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের প্রসঙ্গ টেনে লিখেছে, সালিমির হাতে ইরানের পতাকাটাকে মনে হচ্ছিল ‘পাটকাঠির ওপর লাগানো এক টুকরো কাপড়ে’র মতো।
সম্প্রতি বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েও আলোচিত সালিমি। কিছু দিন আগেই তিনি ইরান ভারোত্তোলন দলের কোচ কৌরশ বাঘেরির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এ কারণে ২০১৩ সালে বিশ্ব প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পারেননি। গত বছর এশিয়ান ভারোত্তোলন প্রতিযোগিতা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। ইরান টেলিভিশনের একটি টক শোয় কোচ বাঘেরির সঙ্গে ঝগড়া করেও আলোচিত হয়েছিলেন তিনি। সেদিন যাঁরা টক শোটি দেখেছেন, তাঁরা নাকি অনেকেই প্রমাদ গুনেছিলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষ বাঘেরি সাহেবকে না আবার মেরে বসেন! সালিমি অবশ্য সে ধরনের কোনো সমস্যা তৈরি করেননি। সূত্র: এএফপি।