মাঠের পাশাপাশি দুই সারিতে ৯৮টি গর্ত। প্রতিটি ২ ফুটের বেশি গভীর। বাঁশ পোতা হয়েছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার জন্য এ ব্যবস্থা। খেলার অংশের বাইরে আরও শতাধিক গর্ত। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই গর্তময় বেহাল দশা চোখে পড়ল আলাদা করে।সমুদ্রজয়ের জন্য পরশু এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আয়োজনে ছিল যুবলীগ, যুবমৈত্রী, জাতীয় যুব জোট, যুব মহিলা লীগসহ আরও কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদ। সংবর্ধনার প্রস্তুতির জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে পেশাদার ফুটবল লিগের খেলা বন্ধ হয়ে যায় ১৬ এপ্রিল থেকে। কথা ছিল ১৯ এপ্রিল খেলা শুরু হবে আবার। কিন্তু এই বিধ্বস্ত মাঠের কারণে ২৩ তারিখ থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, মাঠ পুরোপুরি খেলার উপযোগী হতে সপ্তাহ দুয়েক লাগবে। মাঠের গর্তগুলো এক্ষুনি ভরাট করা দরকার। মাটি আনতে হবে অন্য কোথাও থেকে। তারপর ঘাস লাগানোর ব্যাপার আছে। কাঁচামাটির ওপর ফুটবলারদের বুটের স্পাইক দেবে যাবে। ফলে ফুটবলারদের দুর্ঘটনার শিকার হওয়াও অস্বাভাবিক নয়।বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়াকে পাওয়া গেল মাঠে। বললেন, ‘আমরা কাজ করছি। চেষ্টা করব মাঠকে দ্রুত খেলার উপযোগী করতে। তবে একটু তো সময় লাগবেই।’অ্যাথলেটিকস ট্র্যাকেরও হয়েছে বেহাল দশা। ভিআইপি বক্স প্রান্তে ট্র্যাকের নিচে বিশাল উঁচু মঞ্চ। মঞ্চের বাঁশ খোলার কাজ চলছিল কাল দিনভর। এর আশপাশের যা অবস্থা, তাতে মঞ্চের নিচে ট্র্যাকের কী অবস্থা, শঙ্কা না জেগে পারেই না। মঞ্চের আশপাশে বসানো চেয়ারের পা দেবে ট্র্যাকে অসংখ্য ছিদ্র হয়ে গেছে। ট্র্যাকের ছোট ছোট টুকরো ছড়িয়ে রয়েছে এদিক-সেদিক। প্রায় ১০ কোটি টাকার ট্র্যাকের ক্ষতি হয়েছে আরও আগেই। এখন দুর্দশা আরেকটু বাড়ল।গোটা স্টেডিয়ামটাকে দেখাচ্ছিল বিধ্বস্ত। মাঠের মধ্যে চেয়ার পেতে বসার ব্যবস্থা ছিল। গোটা মাঠেই ছিল মানুষ। আর এত মানুষের রেখে যাওয়া ময়লা-আবর্জনার স্তূপ বুকে নিয়ে যেন হাহাকার করছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। পরশু অনুষ্ঠানের পর শুরু হয় কালবৈশাখী। তাতে লন্ডভন্ড সবকিছু। বাদামের খোসা, চানাচুরের প্যাকেট, সিগারেট, চিপসের প্যাকেট, পানির বোতলসহ অনেক খাদ্যদ্রব্যের পরিত্যক্ত অংশ স্টেডিয়ামজুড়ে। বিকেলে কয়েকজন ভবঘুরে ছেলে সেসব কুড়িয়ে নিচ্ছিল। বোঝার উপায় ছিল না এখানেই হয় দেশের ফুটবলের শীর্ষ লিগের খেলা! আরও অবিশ্বাস্য লাগবে যখন শুনবেন, বাফুফের এসব নিয়ে হেলদোল নেই। তারা ব্যস্ত নির্বাচন নিয়ে। ক্ষমতা ভাগ-বাটোয়ারাই কর্তাদের কাছে প্রাধান্য পাচ্ছে বেশি। বাফুফে ভবন থেকে মাত্র পাঁচ শ গজ দূরে বঙ্গবন্ধু স্টেডিয়াম। অথচ সেখানে গিয়ে মাঠের অবস্থা দেখার সময় কারও নেই। মাঠ কমিটির নামে যারা এই স্টেডিয়াম দেখভালের দায়িত্ব পালন করেন, তাঁদের কেউ কেউ বিল-ভাউচার বানাতেই ব্যস্ত বলে অভিযোগ আছে। বাফুফেতে এমন লোক নেই, যিনি মাঠের এই দুরবস্থা নিয়ে সামান্য একটু উদ্বেগ জানাবেন। এই নিয়ে ফুটবল অঙ্গনে অনেক আক্ষেপ শোনা যায়। উল্লেখ্য, কমলাপুর স্টেডিয়ামে আকসারই খেলা বন্ধ করে নানা অনুষ্ঠান হয়। একবার কনসার্টের পরদিন খেলা হলো। সেদিন মাঠের মধ্যে ছিল প্রায় দু-তিন কেজি পেরেক। খেলোয়াড়েরাও ওই অবস্থার মধ্যে খেলে যান। প্রতিবাদ করার দায়িত্ব তাঁদের নয়। তাঁরা তো গিনিপিগ!