বোল্টকে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাকে উসাইন বোল্ট থাকলে অন্য প্রতিযোগীরা লড়েন দ্বিতীয় হওয়ার জন্য। আর বিশ্বের এই দ্রুততম মানবকেই কিনা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিদেকিচি মিয়াজাকি। তবে চ্যালেঞ্জারের বয়সটা শুনলে ভিরমি খেতে পারেন—১০৩ বছর! শতবর্ষী দৌড়বিদদের মধ্যে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করার রেকর্ড তাঁর। ২০১০ সালে ১০০ মিটারে রেকর্ড ২৯.৮৩ সেকেন্ড টাইমিং করার পর বোল্টের নামানুসারেই তাঁকে ডাকা হয় ‘গোল্ডেন বোল্ট’। বয়সে সেঞ্চুরি করে ফেললেও মনের দিক দিয়ে এখনো তরুণ মিয়াজাকি, তাই বোল্টকে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘চলো দৌড়াই।’ বোল্টের সঙ্গে দৌড়াতে পারলে ভালো লাগবে জানিয়ে মিয়াজাকি এই বয়সেও তাঁর ‘তরুণ’ থাকার রহস্যটা ফাঁস করেছেন, ‘আমার দেহটা ছোট, আমি যা খাই সেটি যত্নসহকারে খাই। গিলে ফেলার আগে ৩০ বার চিবোই।’ ১০৫-১০৯ বয়স বিভাগেও দৌড়ানোর ইচ্ছা তাঁর। মানে মৃত্যুর আগ পর্যন্ত দৌড়ে যেতে চান ৫ ফুট উচ্চতার শতবর্ষী জাপানি। এএফপি।