বোল্টদের দেখার অপেক্ষা ফুরোচ্ছে
মাইকেল ফেল্প্স সাঁতারে ঝড় তুলে যাচ্ছেন, জোকোভিচ- নাদালরা খেলছেন কোর্টে, নেইমাররা ফুটবল মাঠে, তারপরও অলিম্পিকে কী যেন নেই! ট্র্যাক অ্যান্ড ফিল্ড শুরু না হলে কি অলিম্পিক জমে! সেই অপেক্ষাটা শেষ হতে যাচ্ছে, আজ থেকে শুরু হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই। এক অর্থে, অলিম্পিকের আসল মজাটা শুরু হচ্ছে আজ।
‘আসল’ শব্দটাতে একটু চোখ আটকে যেতে পারে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড সবচেয়ে দর্শকনন্দিত হতে পারে, তাই বলে আসল বলা কি উচিত হবে? এক অর্থে সেটি ঠিক আছে, আদি অলিম্পিক তো পুরোটাই ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ডময়। খ্রিষ্টের জন্মের অনেক আগে যে অলিম্পিক ছিল, তাতে পাঁচটি ইভেন্টই এক অর্থে ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ডের। আধুনিক অলিম্পিকে খেলার সংখ্যা বেড়েছে। তারপরও ট্র্যাক অ্যান্ড ফিল্ড একটা বড় জায়গা জুড়েই আছে—এবার এটি দেখবে ৪৭ সোনার লড়াই।
তবে সবার তৃষিত অপেক্ষা যেটির জন্য, সেই ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল আগামী পরশু। ১০০ মিটারের হিটে আগামীকাল নামছেন ধরণির দ্রুততম মানব উসাইন বোল্ট। অলিম্পিকের দ্রুততম মানবের মুকুট ধরে রাখতে পারবেন কি না, সেটি জানা যাবে রোববার। বেইজিং ও লন্ডনের পর দৌড়ের ‘ট্রেবলটা’ রিওতে ধরে রাখতে পারবেন কি না, সেটিও তখনই জানা হয়ে যাবে।
তবে বোল্টের মূল প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের সঙ্গে দ্বৈরথটা শুভ আর অশুভের তকমাও পেয়ে যাচ্ছে। ডোপ কেলেঙ্কারির কালো ছায়া এই অলিম্পিকের ওপর ভালোভাবেই পড়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নেওয়ার দায়ে রাশিয়ার অ্যাথলেটরা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিষিদ্ধ বলে ইয়েলেনা ইসিনবায়েভার মতো তারারা নেই। এরই মধ্যে গ্যাটলিনের অতীত ইতিহাস সেই বিতর্ক আরও উসকে দিচ্ছে।
ডোপের পাপে চার বছর নিষিদ্ধ ছিলেন গ্যাটলিন। পরে অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দারুণভাবেই। কিন্তু মাঝে মাঝেই সেই অতীতের কালো দাগটা উঠে এসেছে। বোল্ট অবশ্য কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন। তবে দুজনের মধ্যে রিওর আগেই বেশ একচোট কথা-চালাচালি হয়ে গেছে। রিওতে বোল্টের অংশ নেওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন গ্যাটলিন, পরে সেটি নিয়ে বোল্টও পাটকেল ছুড়েছেন। সেই লড়াইয়ের কিছুটা ঝাঁঝ ১০০ মিটারে লাগলে অন্য রকম একটা দ্বৈরথই হওয়ার কথা। ১০০ মিটারের সব রেকর্ড বোল্টের হলেও এ বছরের সেরা টাইমিং কিন্তু গ্যাটলিনেরই (৯.৮ সে.)।
তবে বোল্ট-গ্যাটলিনই তো আর সব নন। চোখ থাকবে আরও অনেকেরই ওপর। এঁদের কারও কারও সামনে ইতিহাস গড়ারও হাতছানি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম পদকের জন্য যে লড়াই, সেটিই ইতিহাস গড়ে দিতে পারে। মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে আগের দুই অলিম্পিকেই সোনা জিতেছেন ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা। মেয়েদের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে কোনো ইভেন্টে সোনা জয়ের হ্যাটট্রিকের হাতছানি তাঁর সামনে।
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের সামনেও আছে হ্যাটট্রিকের হাতছানি। গত দুই অলিম্পিকেই দ্রুততম মানবী হয়েছেন, ‘পকেট রকেটের’ সামনে এবার দিবাবার কীর্তির পুনরাবৃত্তির সুযোগ। কিন্তু কাজটা সহজ হবে না মোটেই, বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন জ্যামাইকারই এলাইন টমসন। এ বছরের সেরা টাইমিং ওই টমসনেরই (১০.৭০)।
অনেক প্রশ্নের উত্তর মিলবে এক এক করে। মো ফারাহ কি আবারও ১০ হাজার মিটার জিতে সেই ‘মোবট-নাচ’ দেখাবেন? ব্রিটিশ অ্যাথলেট জেসিকা এনিস পারবেন হেপ্টাথলন জিতে রূপকথার এক প্রত্যাবর্তনের গল্প লিখতে? ডেকাথলনে অ্যাশটন ইটনও কি পারবেন ডেকাথলনের মুকুট ধরে রাখতে?
উত্তরগুলো জানা যাবে কয়েক দিনের মধ্যেই। এএফপি।