বোল্টের তোপ
দুজনই ডোপপাপী। তাহলে দুজনের শাস্তির ক্ষেত্রে ভিন্নতা কেন? কেন একই অপরাধে অপরাধী হয়েও একজনের শাস্তি হবে বেশি, আরেকজনের কম! ব্যাপারটা মানতে পারছেন না উসাইন বোল্ট। জ্যামাকাইন বজ্রবিদ্যুৎ তাই প্রশ্ন তুলেছেন বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) ও আইএএএফ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে। টাইসন গেকে কম শাস্তি দেওয়ায় কর্তৃপক্ষকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বোল্ট। বলেছেন, ‘এটা খেলাটির জন্য বাজে এক বার্তা’।
গত বছর ডোপ টেস্টে ধরা পড়েছেলিন আসাফা পাওয়েল-টাইসন গে। বোল্টের স্বদেশি আসাফা পাওয়েলকে নিষিদ্ধ করা হয় ১৮ মাস। অথচ টাইসন গেকে নিষিদ্ধ করা হয় এক বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে গে আবার ট্র্যাকে ফিরলেও পাওয়েলের নিষেধাজ্ঞা শেষ হয়নি। গেকে কম শাস্তি দেওয়ার পক্ষে ওয়াডার যুক্তি, গে তদন্তে সহযোগিতা করেছেন। কিন্তু পরশু কিংস্টনে বোল্ট বলেছেন, ‘আমি সত্যিই ওই ঘটনা নিয়ে খুশি নই, বিশেষ করে যে প্রক্রিয়ায় তা করা হয়েছে। আমি মনে করি, এর মাধ্যমে খেলাটিতে বাজে একটা বার্তাই পাঠানো হলো যে, তুমি এটা (ডোপ) নিতে পারো, তবে আমাদের সঙ্গে যদি যোগাযোগ রাখো, তাহলে শাস্তি কম পাবে।’ রয়টার্স।