বোল্টের সঙ্গে যুবির ক্রিকেট

ফুটবলের পাশাপাশি উসাইন বোল্টের ক্রিকেটাসক্তির কথা অনেকেরই জানা। ছোটবেলায় ক্রিকেটটা ভালোই খেলতেন। শেষ পর্যন্ত অবশ্য ক্রিকেটে না গিয়ে বেছে নিয়েছেন অ্যাথলেটিকস ট্র্যাক, বিশ্বের দ্রুততম মানব এখন তিনি। কিন্তু ক্রিকেটকে ভোলেননি। বোল্ট আইপিএল-বিগব্যাশে খেলার আগ্রহও দেখিয়েছেন। কিন্তু স্প্রিন্টের রাজাকে কখনো ক্রিকেট খেলতে তো দেখেননি। শিগগিরই দেখবেন। আগামী সপ্তাহেই সর্বকালের দ্রুততম মানব প্রথমবারের মতো ভারতে আসছেন ক্রিকেট খেলতে!
জ্যামাইকান বজ্রবিদ্যুতের সেই ক্রিকেটের লড়াইটা হবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংয়ের সঙ্গে। আগামী ২ সেপ্টেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁদের ক্রিকেট দ্বৈরথের নামটাও দেওয়া হয়েছে বেশ জুতসই—‘বোল্ট ও যুবি—ব্যাটল অব দ্য লেজেন্ড’। বোল্ট এবং যুবরাজ দুজনেরই স্পনসর ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান—পিউমা। এই প্রতিষ্ঠানটিই দুই ভুবনের দুই কিংবদন্তিকে মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে ক্রিকেট মাঠে। তবে খেলাটা ঠিক কোন ফরম্যাটে সেটা জানানো হয়নি। তার মানে অনন্য কিছু হতে যাচ্ছে! এএফপি।