বোল্ট-ফেল্পস্ হতে চান না বিলেস

একেবারে হঠাৎ করেই মনোযোগের কেন্দ্রে নন সিমোনে বিলেস। কিন্তু এবারের অলিম্পিক জিমন্যাস্টিকসে মেয়েদের ব্যক্তিগত ও দলগত অলরাউন্ড ইভেন্টে সোনা জিতে নিজেকে অন্য উচ্চতাতেই নিয়ে গেছেন উনিশ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই তরুণী।
ফ্লোর এক্সসারসাইজ, আন ইভেন বার ও ভল্ট—সব মিলিয়ে তাঁর স্কোর ৬২.১৮৯—ইতিহাসের সর্বোচ্চ। আন-ইভেন বারে তাঁর স্কোর সর্বকালের সপ্তম। আরও একজন নাদিয়া কোমানেচে কিংবা উসাইন বোল্ট অথবা মাইকেল ফেল্পস্কে কী পেয়েই গেল অলিম্পিক?
সিমোনে অবশ্য নাদিয়া কিংবা বোল্ট কিছুই হতে চান না। তিনি থাকতে চান সিমোনে হয়েই। সব সময়ই সাধারণ একজন হয়ে মিশতে চান বন্ধুদের সঙ্গে। জীবনটা উপভোগ করতে চান আর দশটা সাধারণ উনিশ বছরের মেয়ের মতোই।
তবে অলিম্পিকে নিজের সাফল্যটি তো কুড়িয়ে পাওয়া কিছু নয়, এ জন্য কত দিনরাত্রির পরিশ্রম একটা গর্বের অনুভূতিও তৈরি করে তাঁর ভেতরে, ‘আমি বোল্ট কিংবা ফেল্পস্ না হয়ে একজন সিমোনে বিলেসই হতে চাই। আমার মনে হয়, আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।’
অলরাউন্ডে দলগত সোনাটা জিতেছিলেন গত মঙ্গলবার। বৃহস্পতিবার তাঁর ব্যক্তিগত সোনাটি ছিল অলিম্পিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের ৯শ ৯০ তম সোনার পদক। ঐতিহাসিক মুহূর্তই বটে। তবে বিলেসের জয়যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল আরও আগেই। ২০১৩ সালেই অলরাউন্ড ও ফ্লোর একসারসাইজে বিশ্ব পরিসরে সোনা জিতেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অলরাউন্ড, ব্যালান্স বিম, ফ্লোর একসারসাইজ, ভল্ট কিংবা দলগত প্রতিযোগিতায় জিতেছেন ১৪টি পদক। এর মধ্যে ১০টি সোনা। নারী জিমন্যাস্টস হিসেবে এই মুহূর্তে পদক জেতায় বিলেসের ওপরে কেউই নেই। এবারের অলিম্পিক গৌরবটা প্রত্যাশিতই ছিল। দুটো সোনা জিতে সেই প্রত্যাশাটাই যেন মিটিয়েছেন এই ‘কালো-মুক্তা।’
১৯৯৬ সালের পর এই প্রথমবারের মতো বিলেস অলরাউন্ড ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জিতলেন অলিম্পিক সোনা। মজার ব্যাপার হচ্ছে অলরাউন্ডে এখনো পর্যন্ত তাঁকে হারাতে পারেনি কেউই।
১৯৯৭ সালের ১৪ মার্চ জন্ম তাঁর। ছোটবেলাটা বাবা-মায়ের সান্নিধ্যে কাটেনি এই মায়াবতী কিশোরীর। মদ্যপ মায়ের কাছ থেকে বিলেসকে নিয়ে গিয়েছিলেন তার দাদা-দাদি। পরে নিলে ও রন দম্পতি দত্তক নেন তাকে। নিলে ও রনই তাঁকে প্রথম টেক্সাসের একটি জিমন্যাস্টিকস স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। বাকি গল্পটা তো সবারই জানা। সূত্র: রয়টার্স।