বৈঠকে বসতে হবে গেইলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে ফিরতে হলে আবার বৈঠকে বসতে হবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইলকে। বৈঠকের সুবিধাজনক সময় জানাতে গেইলকে চিঠি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওই বৈঠকে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অ্যান্টিগা ও বার্মুডার প্রধানমন্ত্রী ব্যাল্ডউইন স্পেনসার এবং সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের প্রধানমন্ত্রী র্যালফ গঞ্জালভেসের উপস্থিত থাকার কথা রয়েছে।বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে এবার নিজ থেকে উদ্যোগটা নিয়েছিলেন বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল। এ মাসের গোড়ার দিকে সমারসেটের সঙ্গে চুক্তি বাতিল করে গেইল জানিয়ে দেন, দেশের হয়ে খেলতে চান তিনি। তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন দলের কোচ ও অধিনায়ক। ধারণা করা হচ্ছিল, গেইলের ফেরা এখন সময়ের ব্যাপার। কিন্তু আবারও বৈঠকের ওপরই জোর দিয়েছে বোর্ড।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দলের হয়ে খেলতে গেইল নিশ্চয়তা দেওয়ায় বোর্ড সন্তুষ্ট। কিন্তু এর আগে দুই পক্ষের মধ্যে কিছু বিষয়ের বোঝাপড়া নিয়ে বৈঠকের প্রয়োজন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক টেলিকনফারেন্সের মাধ্যমে গেইলের সঙ্গে কথা বলেছেন বোর্ডের পরিচালকেরা। তাঁর বক্তব্য খুবই ইতিবাচক। বোর্ড আশা করে, গেইলের অঙ্গীকার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে যাবে। গত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন গেইল। এক সাক্ষাত্কারে গেইল বোর্ডের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, আহত থাকা অবস্থায় তাঁর খোঁজ নেয়নি বোর্ডের কেউ। ওই সাক্ষাত্কারে কোচ এবং অধিনায়কেরও কঠোর সমালোচনা করেন গেইল।গেইলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা দেয়, আলোচনায় বসা ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত জাতীয় দল দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে দেওয়া হবে না গেইলকে। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না বলে সাফ জানিয়ে দেন গেইল। আলোচনায় অবশ্য তিনি বসেছিলেন। কিন্তু দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।