বোকাকে হারিয়ে শিরোপা করিন্থিয়ানসের
প্রথমবারের মতো ফাইনালে উঠেই কোপা লিবার্তাদোরেস জিতল করিন্থিয়ানস। ব্রাজিলের ক্লাবটির জন্য বুয়েনস এইরেসে দুই লেগ ফাইনালের প্রথম লেগে ড্র করাটাই (১-১) ছিল মনস্তাত্ত্বিক জয়। আর পরশু দ্বিতীয় লেগে ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টাইন ক্লাবকে। দুটি গোলই করেছেন এমারসন—৫৪ ও ৭২ মিনিটে। নিজেদের মাঠে এই ঐতিহাসিক জয়ের পর করিন্থিয়ানস সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। কোচ টিটে বলছেন জয়টা তাঁদের প্রাপ্যই ছিল, ‘এটা আমাদের পাওনা ছিল। আর কেউ আমাদের চেয়ে বেশি পরিশ্রম করেনি। এটি আমরা মুফতে জিতিনি, ভাগ্যের জোরেও নয়, এটা পাওনাই ছিল।’ শিরোপা জয়ের পথে অজেয় করিন্থিয়ানস ১৪ ম্যাচে গোল খেয়েছে মাত্র ৪টি। ফাইনালের জয়ের নায়ক এমারসনের মুখে গর্বের ছটা, ‘এই জার্সি পরে এই অর্জনটা অসাধারণ।’ সতীর্থ পলিনহো প্রশংসায় ভাসিয়েছেন এমারসনকেই, ‘আমাদের কোনো তারকা নেই, কিন্তু আমরা দারুণ শক্তিশালী একটা দল। আর রাতটা তো দুর্দান্ত গেছে এমারসনের জন্য।’এই ম্যাচে সবচেয়ে বড় তারকা ছিলেন আসলে হুয়ান রোমান রিকেলমে। শেষ পর্যন্ত পরাজিত দল বোকা জুনিয়র্সে ঠাঁই পাওয়া আর্জেন্টাইন তারকা অবসরেরই ঘোষণা দিয়ে দিয়েছেন, ‘আমি প্রেসিডেন্টকে বলেছি আর নয়, এখানেই শেষ। নিজেকে নিঃস্ব মনে হচ্ছে। ক্লাবকে দেওয়ার মতো আর কিছু নেই আমার।’ সাবেক বার্সেলোনা ও ভিয়ারিয়ালের এই প্লে-মেকার আক্ষরিক অর্থেই বোকার ঘরের ছেলেদের একজন, দলের হয়ে তাঁর সাফল্যের পাল্লাও বেশ ভারী। বোকাকে তিনবার কোপা লিবার্তাদোরেস, একবার করে কন্টিনেন্টাল কাপ ও কোপা সুদামেরিকানা এবং পাঁচবার আর্জেন্টাইন লিগ জিতিয়েছেন। ২০০৬ বিশ্বকাপে ছিলেন আর্জেন্টিনার স্বপ্নসারথিদের একজন। তবে ক্যারিয়ারে অতৃপ্তি বলতে দলের হয়ে কোনো বিশ্বকাপ জিততে না পারাটাই বোধ হয় সবকিছুর ওপরে। এএফপি, রয়টার্স।