বোকাতেই ফিরছেন ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপে-নেউলে কিংবা দা-কুমড়ো না হোক, তাঁদের সম্পর্ক যে অম্ল-মধুর, সেটি সবার জানা। সংবাদমাধ্যমে ডিয়েগো ম্যারাডোনা আর হুয়ান রোমান রিকেলমের কথার লড়াইও বেশ জমেছিল বিশ্বকাপের আগে। ভাগ্যের কী ফের, তাঁরা দুজনই বোধ হয় আবারও একসঙ্গে কাঁধ মেলাচ্ছেন! শোনা যাচ্ছে, বোকা জুনিয়র্সের কোচ হতে চলেছেন ম্যারাডোনা।নতুন ম্যারাডোনা বলা হতো তাঁকেও। মাঠের পজিশন, আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে যাত্রা শুরু করে বোকায় এসে যশ-খ্যাতি, যুব বিশ্বকাপ জেতা, প্রথম বিদেশি ক্লাব হিসেবে নাম লেখানো বার্সেলোনায়; মিল আছে অনেক দিক দিয়েই। কিন্তু কী যে হলো, ম্যারাডোনা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকে লেগে গেল রিকেলমের সঙ্গে। অভিমান করে রিকেলমে তো বিশ্বকাপেই গেলেন না খেলতে।বিশ্বকাপ এখন অতীত, অতীত জাতীয় দলের কোচ হিসেবে ম্যারাডোনার অধ্যায়ও। তবে শিগগিরই ম্যারাডোনা বোকা জুনিয়র্সে ফিরছেন বলেই মনে হচ্ছে। সবচেয়ে বিস্ময়কর হলো, ম্যারাডোনা এ ব্যাপারে আস্থা ভোট পাচ্ছেন রিকেলমের কাছ থেকেই, ‘দেখুন, আমার বয়স ৩২ চলছে। ওই সব ব্যাপার আমি পেছনেই ফেলে এসেছি। কোচ কে হবে, সেটা নির্ধারণ করার ভার ক্লাব সভাপতির। তিনি যদি ম্যারাডোনাকে বেছে নেন, আমার কোনো আপত্তি নেই। আমরা একসঙ্গে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যাব।’গত সপ্তাহে ‘সুপার ক্লাসিকো’তে রিভারপ্লেটের কাছে ১-০ গোলে হেরে যায় বোকা। পরপরই পদত্যাগ করেন কোচ ক্লদিও বোরগি। ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালানো বোকা নতুন কোচ খুঁজছে। ব্যানফিল্ড কোচ হুলিও সিজার ফ্যালকনিই সবচেয়ে ফেবারিট। কিন্তু সমর্থকদের চাপে ক্লাব সভাপতি শেষ পর্যন্ত ম্যারাডোনাকেই বেছে নিতে পারেন।রিকেলমের নিজের সময়টাও ভালো যাচ্ছে না। গত মে মাসে হাঁটুতে অস্ত্রোপচার করার পর কদিন আগে দলে ফিরেছেন। কিন্তু খেলেছেন মাত্র দুটো ম্যাচে। এরই মধ্যে আবারও ইনজুরি চার ম্যাচের জন্য বাইরে ছিটকে ফেলেছে তাঁকে। ওয়েবসাইট।