বোকার পাঠশালার এক শিক্ষার্থী
‘ভালো ফুটবলার’ না বলে ‘দারুণ ফুটবলার’ বললেই যেন চয়ন করা হয় সঠিক শব্দযুগল।কেউ বলেন, বাংলাদেশের ফুটবলে গত ১০-১২ বছরে আসা সেরা বিদেশি। কারও মতে, ঢাকার মাঠে গড়পড়তা মানের বিদেশির ভিড়ে ব্যতিক্রম। ‘গোবরে পদ্মফুল’ প্রবাদটাও যাচ্ছে সনি নর্দের নামের সঙ্গে।এসেছেন ভূমিকম্পবিধ্বস্ত হাইতি থেকে। বাংলাদেশে আগে কখনো হাইতির ফুটবলার আসেননি। শেখ রাসেলের জার্সি গায়ে নর্দে এসেই মুগ্ধতা ছড়িয়েছেন। রাসেলের দেশি-বিদেশি সবার মুখেই নর্দের বন্দনা। মরক্কোর মিডফিল্ডার তারিকের দরাজ সার্টিফিকেট, ‘ও বড় ফুটবলার। ইউরোপের বড় লিগে খেলার যোগ্যতা রাখে।’ এমিলির কথা, ‘এ পর্যন্ত যত বিদেশির সঙ্গে খেলেছি, সনিই সেরা। তিন-চারজনকে অনায়াসে কাটানোর অসম্ভব ক্ষমতা ওর। বল পায়ে এত ফাস্ট কাউকে দেখিনি।’নর্দে বল পায়ে যতটা স্বচ্ছন্দ, মুখে ততটা নন। সতীর্থ তারিকের মাধ্যমে তাঁর ফ্রেঞ্চ অনূদিত হয়ে আসে ইংরেজিতে। কথা বলেন কম, যা বলার মাঠেই আসলে বলতে চান। এমন ফুটবলারই তো চান কোচেরা। শেখ রাসেলের কোচ মারুফুল হক তাই খুশি, ‘বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং বল পায়ে গতি ওকে অন্যদের থেকে আলাদা করেছে। সমস্যা হলো, ও বল ছাড়ে দেরিতে। কিছু সীমাবদ্ধতা কাটিয়ে উঠলে সনি ইউরোপের বড় লিগে খেলতে পারে।’ অত বিশ্লেষণে যেতেই চাননি অধিনায়ক বিপ্লব। তাঁর বরং বিস্ময়, ‘ও আসলে ভুল করে বাংলাদেশে চলে এসেছে!’যেভাবেই আসুন, ‘এলাম, দেখলাম, জয় করলাম’ শব্দগুলো মনে করিয়ে দিলেন নর্দে। শেখ রাসেলকে ফেডারেশন কাপ জেতাতে রেখেছেন অগ্রণী ভূমিকা। লিগেও দলের বড় ভরসা হয়ে আছেন। এই প্লে-মেকার গোল করেন, করান। দুরূহ জায়গা থেকে গোল করেছেন বেশ কয়েকটি। লিগে ৫টিসহ মৌসুমে এ পর্যন্ত গোল পেয়েছেন নয়টি।এসব তথ্য নর্দের ওঠে আসার গল্পটা পুরোপুরি তুলে ধরছে না। ফুটবলার হিসেবে নর্দের হাতেখড়ি বোকা জুনিয়র্সের একাডেমিতে! অবিশ্বাস্য লাগে, ম্যারাডোনার সাবেক ক্লাবের পাঠশালার এক ছাত্র ঢাকায় খেলছেন। হাইতিতে বোকার এক স্কাউটের চোখে পড়ে বোকার একাডেমিতে শুরু ১২ বছর বয়সে, ২০০৩ সালে। বোকার তৃতীয় দলে সেই শুরু। ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১১ মূল দলের সঙ্গে মেলে অনুশীলন করার দুর্লভ সুযোগ।‘বোকার মূল দলে অনুশীলন করেছি পালের্মো, রিকেলমে, এখন ইন্টার মিলানে খেলা রদ্রিগো প্যালাসিও, ভ্যালেন্সিয়ার ১০ নম্বর বানেগার সঙ্গে’—নিজের বিশাল ছবির অ্যালবামে ডুবে উচ্ছ্বসিত দেখায় নর্দেকে।শুধু কি তাই? বোকার মূল দলে ১৫ মিনিট খেলার সুযোগও পেয়েছিলেন। দ্বিতীয় দলে খেলেছেন দুটি ম্যাচ। তৃতীয় দলে অনেক...। নিজেই বলেন, ‘বোকার জুনিয়র দলের হয়ে অনেক ট্রফি জিতেছি। আমার গোলে একটা জুনিয়র টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয় বোকা।’সেই তরুণের হাইতির জাতীয় দলে (এখন হাইতির ফিফা র্যঙ্কিং ৫০) অভিষেক দ্রুতই, ১৬ বছর বয়সে। তারপর? ‘২০০৬ সালে হাইতিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছি। রোনালদো, রবার্তো কার্লোসরা ছিলেন সে ম্যাচে। ২০০৮ সালেও ব্রাজিলের বিপক্ষে সাও পাওলোতে আরেকটি প্রীতি ম্যাচে ছিলাম।’এখন হাইতি জাতীয় দলের অপরিহার্য সদস্যই হয়ে উঠেছেন। তবে রাসেলে ছুটি না মেলায় হাইতির শেষ তিনটি ম্যাচ খেলা হয়নি। এ নিয়ে হতাশা আছে। আছে বাড়ি যাওয়ার তাড়াও। মায়ের জন্য যে মনটা ব্যাকুল। বয়স যখন ৩-৪, মা-বাবার ছাড়াছাড়ি। বড় বোন আর দুই বছরের ছোট ভাইকে নিয়ে মা সংগ্রাম করেছেন। ২০১০ সালে এই পরিবারের ওপর নেমে আসে আরেক দুর্যোগ। কাতর শোনায় তাঁর কণ্ঠ, ‘ওই বছর ভূমিকম্পে আমাদের বাড়িটা ধ্বংস হয়ে যায়। ভাইবোনকে নিয়ে মা মেক্সিকোতে আমার কাছে এক বছর ছিলেন। এখন আবার বাড়ি তোলার কাজ করছি।’ খানিক পরই তৃপ্তি খেলা করে চোখেমুখে। বলে যান, কার্লোস তেভেজের মতো ফুটবলারদের সঙ্গে পরিচয় আছে, স্কাইপে কথাবার্তা হয় মাঝেমধ্যে। গ্যাব্রিয়েল রদ্রিগেজ তাঁর সেরা বন্ধু, বোকায় একসঙ্গে বেড়ে ওঠা এই বন্ধুটি এখন খেলেন পর্তুগালের পোর্তোতে। নর্দেরও ইচ্ছে ইউরোপে খেলবেন। বোকা থেকে বেরিয়ে মেক্সিকোতে দ্বিতীয় ও প্রথম বিভাগের দুটি দলে খেলেছেন। ঘটনাক্রমেই নাকি বাংলাদেশে এসেছেন। এখানে আগামী মৌসুম থাকবেন তো? প্রশ্ন শুনে ‘বাংলাদেশে এটাই সম্ভবত আমার শেষ’ বলে দেন। টাকা বাড়িয়ে দিলে? এবার উত্তর, ‘আমি শুধু টাকার জন্য খেলি না।’এটা শুনে বিপ্লব বলছিলেন, ‘যেভাবেই হোক সনির মতো ফুটবলারকে রেখে দেওয়া উচিত।’ কিন্তু এমন ফুটবলার বাংলাদেশে বেশি দিন থাকবেন কেন? এটাও তো বাস্তবতা।