বোথাদের অবিশ্বাস্য জয়
বিশ্ব ক্রিকেটে এক নম্বর ‘চোকার’ হিসেবে পরিচিতি দক্ষিণ আফ্রিকার। তারাই কিনা কাল ছিনিয়ে আনল অবিশ্বাস্য এক জয়! জয়ের জন্য শেষ ৩০ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৫ রান, হাতে ৭ উইকেট। সেখান থেকে ২৪ বলে ১৭, ১৮ বলে ১৫...শেষ দুই ওভারে ৬ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ১০, দারুণ এক ফিফটি করে উইকেটে জেসি রাইডার। চাইলেও হারা কঠিন, এমন ম্যাচটাও কীভাবে যেন হারার পথ বের করে ফেলল নিউজিল্যান্ড। ইয়োহান বোথার করা ১৯তম ওভারে এল মাত্র ৩ রান, সঙ্গে আউট রাইডার (৪২ বলে ৫২)। শেষ ওভারে প্রয়োজন ৭, বল হাতে মার্চেন্ট ডি ল্যাঙ্গে। আগের ৩ ওভারে ৩৩ রান দেওয়া তরুণ দুর্দান্ত বোলিং করলেন শেষ ওভারে। প্রথম ৫ বলে দিলেন ২ উইকেট নিয়ে মাত্র ১ রান। শেষ বলে প্রয়োজন ৬, তখন আরেক প্রস্থ নাটক। শেষ বলে মাত্র ১ রান নিতে পারলেন জেমস ফ্রাঙ্কলিন, উল্লাসে উড়তে উড়তে ডি ভিলিয়ার্স খেয়াল করলেন এক হাত প্রসারিত করে আছেন আম্পায়ার, নো-বল! সমীকরণ দাঁড়াল ১ বলে ৪। ঠান্ডা মাথায় অফ স্টাম্পের বাইরে লেংথ বল করলেন ডি ল্যাঙ্গে, বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না সাউদি। ৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-১-এ।১৬৫ রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬ ওভারেই ৬৫ তুলেছিলেন রব নিকোল (১৯ বলে ৩৩) ও মার্টিন গাপটিল (১৯ বলে) ২৬। এরপর তিনে নামা রাইডারের ওই ইনিংসের পরও ‘চোক’ করল কিউইরা। দক্ষিণ আফ্রিকার রানকে ১৬৫ রানে বেঁধে রাখাতেও বড় ভূমিকা ছিল নিকোলের। দুটি ক্যাচ নিয়েছেন, করেছেন দুর্দান্ত একটি রানআউট, পরে নিয়েছেন দুটি উইকেট। ওয়েবসাইট।