বোথামের অনাবিল আনন্দ
কারও সর্বনাশ, কারও পৌষ মাস। টুইটার পোস্টের সূত্রে ওয়ার্ন-পন্টিংয়ের বন্ধুত্বে চিড় ধরার জোগাড়, অথচ এতে নাকি যারপরনাই মজা পাচ্ছেন ইয়ান বোথাম! দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ। এমন গুরুত্বপূর্ণ সময়ে শত্রুশিবিরে বিবাদের গন্ধ পেয়ে মনে আর আনন্দ ধরছে না সাবেক ইংলিশ অলরাউন্ডারের। বলছেন, ওয়ার্ন-পন্টিংয়ের বচসার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তারিয়ে তারিয়ে।‘অস্ট্রেলিয়ায় যত গণ্ডগোল হবে, আমাদের জন্য ততই ভালো। অস্ট্রেলিয়ানরা নিজেরাই নিজেদের সঙ্গে ঝামেলা বাধালে এর চেয়ে ভালো কিছু এই মুহূর্তে আর হতে পারে না। ওয়ার্নি-পন্টিংয়ের ঘটনার প্রতিটি মুহূর্ত আমি দারুণ উপভোগ করেছি’—সানডে টেলিগ্রাফকে বলেছেন বোথাম। অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ককে নিয়ে ওঠা প্রশ্ন অবাক করেছে বোথামকে, আগে এমনটা খুব কমই দেখা গেছে। তবে এতে কিন্তু মোটেও অখুশি নন ইংলিশ গ্রেট, বরং দুজনকে দিয়েছেন সুপরামর্শ, ‘ওয়ার্ন-রিকি কাউকেই আমি দোষ দিচ্ছি না। বলতেও চাইছি না কে ঠিক, কে ভুল। তবে কিছু একটা ঝামেলা তো আছেই এবং সেটাই ইংল্যান্ডের জন্য দারুণ খবর। এই লড়াই তোমরা চালিয়ে যাও, আমার সত্যিই খুব ভালো লাগছে!’অ্যাশেজ মৌসুম বলে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোর টেস্টের শেষ দিনে পন্টিংয়ের ফিল্ডিং সাজানো নিয়ে ওয়ার্ন-পন্টিংয়ের বচসা পুরো ইংল্যান্ডেই ব্যাপক আলোড়ন তুলেছে। সবগুলো পত্রিকা খবরটি ছেপেছে গুরুত্ব দিয়ে। ওয়েবসাইট।